মোদির শপথ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা
নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বের শপথ অনুষ্ঠানে তিন হাজারেরও বেশি অতিথিকে মাটিতে পাহারা দেবে ১০ হাজারের মত নিরাপত্তাকর্মী। আকাশেও থাকবে দূর্ভেদ্য প্রতিরক্ষা।
সোমবার নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ নেবেন মোদি। দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি বিদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকের সামনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মোদিকে শপথ পড়াবেন।
দিল্লি পুলিশ, আধা সামরিক বাহিনী, জাতীয় নিরাপত্তা রক্ষী, স্পেশাল প্রটেকশন গ্রুপ এবং সশস্ত্র বাহিনীর ১০ হাজার কর্মী রাষ্ট্রপতি ভবনের আশপাশে দুই কিলোমিটার এলাকাজুড়ে অনূষ্ঠান পাহারা দেবেন বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা এমকে মিনা।
দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার মিনা সাংবাদিকদের বলেন, চার স্তরের নিরাপত্তা দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলা হবে। তাতে থাকবে আধা সামরিক কমান্ডো ও পুলিশের চৌকষ শুটারও। একদম শেষ স্তর সামলাবে দিল্লি পুলিশ।
রাষ্ট্রপতি ভবনের আশপাশে পাঁচ বা ততোধিক ব্যক্তির জড়ো হওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। মঙ্গলবার পর্য ন্ত এ আদেশ বলবৎ থাকবে।
পাকিস্তান ও শ্রীলংকাসহ বিভিন্ন দেশের অভ্যাগত অতিথিরা যেসব হোটেলে থাকছেন সেসব হোটেলসহ অতিথিদের রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ পাহারায় থাকবে দিল্লি পুলিশ।
পাঁচ তারকা হোটেল তাজ মণিসিংহ, আইটিসি মৌরর্যস, তাজ প্যালেস, ওবেরয়, লীলা প্যালেসে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি রাখা হয়েছে। রাষ্ট্রপতি ভবন এলাকা রাইসিনা হিল নিরাপত্তা প্রহরী দিয়ে ঘিরে ফেলা হবে।
ভারতীয় বিমানবাহিনী আকাশ নজরদারিসহ শক্ত প্রতিরক্ষা গড়ে তুলবে। টেলিস্কোপ নিয়ে জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর বন্দুকধারীরা থাকবেন অট্টালিকার ছাদে। রাইসিনা হিলে যাওয়ার সব পথ আটকে দেয়া হবে। সেখানে ভ্রাম্যমান নিরাপত্তা দল টহল দেবে।
পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভুটানিজ প্রধানমন্ত্রী শেরিং টোগে, নেপালি প্রধানমন্ত্রী সুশীল কৈরালা এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিন আব্দুল গাইয়ুম অনুষ্ঠানে থাকবেন।
বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও মরিশাসের প্রধানমন্ত্রী নাভিনচন্দ্র রামগুলামও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
