২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতা থেকে হটানোর পর কয়েক মাস ধরে চলমান অস্থিরতার মধ্যে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন ইউক্রেইনের ভোটাররা।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 01:14 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

রোববারের এই নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য আঠারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে বিবিসি।

এই নির্বাচনকে ইউক্রেইনের অখণ্ডতা ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিবেশী বৃহৎ শক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কিন্তু ইউক্রেইনের পূর্বাঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধীতা করে ভোট গ্রহণে বাধা দেয়ার হুমকি দিয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। পূর্বাঞ্চলের বিশেষভাবে দোনেস্ক ও লুহানস্ক এলাকার সহিংস পরিস্থিতি ওই এলাকায় ভোট গ্রহণের প্রস্তুতিতে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে। সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর এক নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, দোনেস্ক শহরে কোনো ভোট কেন্দ্র খোলা হয়নি। এ নির্বাচনে ইউক্রেইনীয় কনফেকশনারি ব্যবসায়ী, “চকলেটের রাজা” বলে পরিচিত ধনকুবের পেত্রো প্ররোশেঙ্কো জয়ী হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। একবারে জয়ী হওয়ার জন্য একজন প্রার্থীকে এ পর্বে অবশ্যই ৫০ শতাংশ ভোট পেতে হবে, না হলে ১৫ জুন নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ করা হবে। শনিবার এক টেলিভিশন ভাষণে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিয়ুক নির্বাচনে ভোট দিয়ে “ইউক্রেইনকে রক্ষার” জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।