২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০টি দাঁত তোলার চেষ্টায় রোগীর মৃত্যু

এক বসায় ৬৪ বছর বয়সী এক বৃদ্ধার ২০টি দাঁত তোলার চেষ্টা করতে গিয়ে রোগীকে মেরেই ফেলেছেন এক দন্তচিকিৎসক।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 02:45 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

ঘটনার পর ভারতীয় ওই দন্তচিকিৎসকের লাইসেন্স স্থগিত করেছে কর্তৃপক্ষ।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে এ ঘটনা ঘটেছে বলে দৈনিক নিউইয়র্ক নিউজের বরাত দিয়ে শনিবার জানিয়েছে এনডিটিভি।

দন্তচিকিৎসক রশ্মি প্যাটেল রোগী জুডিথ গানের দাঁতের চিকিৎসা করার সময় এ পদক্ষেপ নিলে জুডিথ অজ্ঞান হয়ে যান। দাঁতগুলো তোলার পর জুডিথের মাড়িতে নতুন দাঁত বসানোর কথা ছিল।

নিউইয়র্ক নিউজের প্রতিবেদনে ডা. রশ্মির সহকারীর উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, জরুরি বিভাগে ফোন করার আগে তিনি রশ্মিকে তার কার্যক্রম বন্ধ করতে অনুরোধ করেছিলেন।

এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “সহকারী কাজ বন্ধ করার অনুরোধ করা সত্বেও ডাঃ রশ্মি দাঁত তোলা ও বসানোর কাজটি সম্পূর্ণ করতে চেয়েছিলেন, এরপর সহকারী দ্রুত জরুরি বিভাগে (৯১১) ফোন করেন। কিন্তু এর মধ্যেই রোগী মারা যান।”

এ ঘটনায় ডা. রশ্মির বিরুদ্ধে চারটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরমধ্যে রয়েছে ভুল পদক্ষেপ, রোগীর পরিচর্যায় প্রচলিত মানদণ্ড অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করা ইত্যাদি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মামলাটি পর্যালোচনা করার জন্য অপর একজন দন্তচিকিৎসকে দায়িত্ব দেয়া হয়েছিল।

ওই দন্তচিকিৎসক বলেছেন, “দাঁত তোলার জন্য জুডিথের মৃত্যু হয়নি, জুডিথের মৃত্যু হয়েছে ডা. রশ্মির অবহেলার জন্য।”

২০০৩ সালে ডা. রশ্মিকে চিকিৎসার লাইসেন্স দেয়া হয়েছিল। কিন্তু এ ঘটনার পর ২১ এপ্রিল ওই অনুমোদন স্থগিত করা হয়।

১৮ জুন রাষ্ট্রীয় দন্ত কমিশনের সামনে এক শুনানির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

নিউইয়র্কের এনফিল্ড ও টোরিঙ্গটনে দুটি ক্লিনিক পরিচালনা করেন ডা. রশ্মি। তাকে চিকিৎসা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ।