২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদে জোড়া বোমা হামলা, নিহত ১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জোড়া বোমা হামলায় একজন নিরাপত্তারক্ষী নিহত ও অপর একজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 11:45 AM

Updated : 22 Aug 2022, 06:20 PM

বিদ্রোহী জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযানের মধ্যেই দেশটির রাজধানীতে এ বোমা হামলা চালানো হল।

শনিবার দিনের প্রথম দিকে বিস্ফোরিত বোমা দুটির শব্দে রাজধানী শহরটি প্রকম্পিত হয়ে ওঠে বলে জানিয়েছে দ্য ডন।

ভোররাত দুইটার দিকে ইসলামাবাদের কেন্দ্রস্থলের একটি অভিজাত বিপণীবিতানের সামনে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। এর আধা ঘন্টা পর শহরের অন্য প্রান্তে একটি গাড়ির মধ্যে পেতে রাখা দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে ইসলামাবাদ পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, “একজন নিরাপত্তারক্ষী হাসপাতালে মারা গেছেন। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে আনার পর তিনি মারা যান। আহত দ্বিতীয় রক্ষীকে চিকিৎসা দেয়া হচ্ছে।”

এসব বোমা বিস্ফোরণ আত্মঘাতী হামলা কিনা তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

তবে জঙ্গিদের গোপন আস্তানার ওপর পাকিস্তানি সেনাবাহিনীর ধারাবাহিক আকাশ হামলায় ৭৫ জন নিহত হওয়ার তিনদিন পর রাজধানীতে এ বোমা হামলার ঘটনাটি ঘটলো।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে প্রথম বিস্ফোরণের আঘাতে বিপণীবিতানের কাঁচ ও গাছের ভেঙে পড়া ডালপালা ফুটপাতে পড়ে থাকতে দেখা গেছে।

দ্বিতীয় বিস্ফোরণটি একটি গাড়ির ভিতর হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ আলি নামের আরেক পুলিশ কর্মকর্তা। ওই বোমাটি তেমন শক্তিশালী ছিল না উল্লেখ করে তিনি জানিয়েছেন, এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ হতাহত হয়নি।

এপ্রিলে ইসলামাবাদের উপকণ্ঠের একটি ফল ও সব্জি বাজারে এক বিস্ফোরণে ২২ জন নিহত হওয়ার পর রাজধানী শহরটিতে এটিই প্রথম বোমা হামলা।