২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক থাই প্রধানমন্ত্রী ইংলাক আটক

থাইল্যান্ডে সেনাবাহিনী অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখল এবং রাজনীতিবিদদের তলব করার পর সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতসহ তার পরিবারের কিছু সদস্যকে আটক করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 07:53 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

পুরনো খবর:

নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা থাই সেনাপ্রধানের
থাই রাজনীতিকদের তলব করেছে সেনাবাহিনী

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “আমরা ইংলাক, তার বোন এবং দুলাভাইকে আটক করেছি”। ইংলাকের এ দুই আত্মীয় শীর্ষ রাজনৈতিক পদে আছেন।

ইংলাককে কোথায় আটকে রাখা হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি ওই সামরিক কর্মকর্তা। তবে গণমাধ্যম বলছে, তিনি রাজধানী ব্যাংককের উত্তরে সারাবুরি প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে আছেন।

সেনাপ্রধান প্রেয়াথ চান-ওচা বৃহস্পতিবার সরকারের নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেয়ার পর সেনারা সরকারের পক্ষ এবং বিপক্ষ উভয় রাজনীতিবিদদেরকেই আটক করে।

তাছাড়া, ইংলাকসহ ক্ষমতাচ্যুত সরকারের একশ’রও বেশি রাজনীতিবিদকে ব্যাংককের সেনাঘাঁটিতে তলব করেন প্রেয়াথ চান-ওচা।

শুক্রবার দুপুরে ইংলাককে একটি সামরিক ঘাঁটিতে দেখাও যায় । সেখানে তাকে কয়েকঘণ্টা রাখার পর বিকালে অন্য একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

ইংলাককে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছিলেন প্রেয়াথ। বিশিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার হওয়া দরকার বলে তাদেরকে জানান প্রেয়াথ।

গভর্নর, ব্যবসায়িক নেতা ও সরকারি চাকরিজীবীদের শুক্রবার ব্যাংককের আর্মি ক্লাবে ডাকেন তিনি। দেশকে সংগঠিত করতে প্রেয়াথ তাদের সাহায্য চেয়ে বলেন, “নির্বাচনের আগে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংস্কার প্রয়োজন।পরিস্থিতি শান্তিপূর্ণ হলে আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুত”।

ক্ষমতাচ্যুত সরকারের এক মন্ত্রীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সহযোগী বলেছেন, তার মন্ত্রীসহ আরো কয়েকজন আটক হয়েছেন। অন্যদিকে, ইংলাকের এক সাবেক সহযোগী জানান, তার (ইংলাক) সঙ্গে কয়েকঘণ্টা ধরে ফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সেনাবাহিনী এ পর্যন্ত কতজনকে আটক করেছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে আটকদেরকে আলাদা আলাদা এবং যোগাযোগ বিচ্ছিন্নভাবে বিভিন্ন সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিবিসি’র সংবাদদাতারা।

থাই সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল ওয়েরাচন সুখনধাধপাতিপাক বিবিসি’কে বলেন, আটকরা সবাই থাইল্যান্ডের রাজনৈতিক ‘সংঘর্ষে’ জড়িত ছিল। সেনাবাহিনী নিরপেক্ষ এবং পক্ষপাতমুক্ত থেকেই তাদেরকে আটক করেছে বলে দাবি করেন তিনি। কর্নেল ওয়েরাচন আরো বলেন, “এক সপ্তাহের বেশি কাউকে আটকে রাখা হবে না। উত্তেজনা থেকে দূরে রাখার জন্যই তাদের আটক রাখা হয়েছে।” এ মুহূর্তে দেশ পরিচালনার কাজে নিয়োগ করা হয়েছে সবচেয়ে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ৬ জনকে। আর প্রাদেশিক কমান্ডাররা স্থানীয় সরকারের দেখভাল করছেন। ব্যাংকক থেকে বিবিসি’র সংবাদাতা বলছেন, থাইল্যান্ডে এবারের সামরিক অভ্যুত্থান আগেরগুলোর মত নয়। এবার সেনাবাহিনী দ্রুত বেসামরিক শাসনে ফেরার কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। প্রেয়াথের সঙ্গে বৈঠকের পর স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, “দেশে একটি নির্বাচন হবে। কিন্তু তা হতে কিছুটা সময় লাগবে। কখন তা হবে সে ব্যাপারে জেনারেল কিছু বলেননি”।