থাই রাজনীতিকদের তলব করেছে সেনাবাহিনী
থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতসহ একশ’রও বেশি রাজনীতিককে তলব করেছে সেনাবাহিনী।
রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর শুক্রবার বৈঠকের জন্য ইংলাককে ডেকে পাঠান সেনা প্রধান প্রেয়াথ চান-ওচা। একইসঙ্গে বিনা অনুমতিতে ১৫৫ জন বিশিষ্ট রাজনীতিকের দেশ ত্যাগও নিষিদ্ধ করেন তিনি।
ইংলাককে এরই মধ্যে একটি সামরিক স্থাপনায় দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। শুক্রবার বিকালে তাকে একটি সামরিক স্থাপনা থেকে বেরিয়ে আরেকটি জায়গার সামরিক স্থাপনায় যেতে দেখা যায়।
ইংলাককে আটক করা হচ্ছে কিনা তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন সংবাদদাতারা। গতরাতে ইংলাকের পুয়ে থাই পার্টি এবং বিরোধী ডেমোক্র্যাট দলের নেতাদেরকে সেনাবাহিনী মুক্তি দিয়েছে।
তারপরও বিক্ষোভকারী অনেক নেতাই এখনো আটক রয়েছেন এবং সরকারপন্থি এমপি’রা এখন আত্মগোপন করে আছেন।
থাইল্যান্ডে কয়েক মাসের সরকার বিরোধী বিক্ষোভ এবং গোলযোগের মধ্যে সেনা অভ্যুত্থানের সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। সামরিক বাহিনী দেশে সামরিক আইন জারির দু’দিনের মধ্যেই বৃহস্পতিবার এ অভ্যুত্থান হয়।
সামরিক বাহিনী এর পরপরই সংবিধান স্থগিত করাসহ রাজনৈতিক মিছিল, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। বৃহস্পতিবার রাত থেকেই দেশজুড়ে শুরু হয় কারফিউ। থাই গণমাধ্যমগুলোর ওপরও আরোপ হয় কড়াকড়ি।
নিজেকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করে সেনাপ্রধান প্রেয়াথ চান-ওচা বলেছেন, দেশের পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সেনারা ক্ষমতা নিয়েছে।
টিভিতে এক ভাষণে প্রেয়াথ দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান এবং বলেন, সরকারি কার্যালয়গুলোতে যথারীতি কাজকর্ম চলবে।
