মোদির ভূমিকায় ব্যথিত জয়ললিতা
মোদির শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে নিমন্ত্রণ নিয়ে আপত্তি তুলেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী ও ওই রাজ্যের আলঞ্চলিক দলগুলো। এ আমন্ত্রণ তামিলনাড়ুর জনগণের অনুভূতিতে আঘাত বলে মন্তব্য করেছেন জয়ললিতা।
শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের আগমনকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন তিনি।
লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের পর হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন তার একসময়ের রাজনৈতিক মিত্র জয়ললিতা। ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথগ্রহণ অনুষ্ঠান ঠিক করা হয়েছে।
ওদিকে, মঙ্গলবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের সরকার প্রধানদের আমন্ত্রণের ইচ্ছার কথা জানান মোদি।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের ৮ সদস্য দেশের মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টও অনুষ্ঠানে যোগ দেবেন বলে এনডিটিভির খবরে জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠানের সময় পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জাপানে অবস্থান করবেন।
তবে সার্কের অরেক দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শপথ অনুষ্ঠানে থাকবেন কিনা তা এখনো চূড়ান্ত হয়নি।
জয়ললিতা বলেন, লঙ্কান প্রেসিডেন্টকে আমন্ত্রণের ঘটনা ‘তামিলনাডুর জনগণকে তীব্রভাবে ব্যথিত করেছে। তাদের অনুভূতিকে আহত করেছে।’
“নতুন সরকারের সঙ্গে তামিলনাডুর সরকার ও জনগণের সম্পর্কের কথা বিবেচনায় রেখে এ ধরনের অবিবেচনাপ্রসূত আমন্ত্রণ বন্ধ রাখা ভাল ছিল।”
মোদির শপথ উপলক্ষে বুধবার বিশ্বনেতাদের নিমন্ত্রণের প্রস্তাব ওঠার পর থেকেই এনিয়ে নীরব ছিলেন জয়ললিতা। বৃহস্পতিবারই প্রথমবারের মতো এনিয়ে করা মন্তব্যে মোদির ওই প্রস্তাবের বিরোধিতা করেন তিনি।
ইতোপূর্বে মুখ্যমন্ত্রী হিসেবে মোদির শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জয়ললিতা। তামিলনাডুতে জয়ললিতার শপথ অনুষ্ঠানেও গিয়েছিলেন মোদি।
তবে লোকসভা নির্বাচনে ৩৭টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে থাকা জয়ললিতা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।
তামিলনাডুতে বিজেপির জোটসঙ্গী এমডিএমকে’র পক্ষ থেকেও মোদির ওই উদ্যোগের সমালোচনা হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে নিমন্ত্রণের ফলে তামিলনাডুর জনগণ ব্যথিত হয়েছে বলে দাবি দলটির।
জয়লললিতার দল একসময় বিজেপির জোটে ছিল। তবে এবারের লোকসভা নির্বাচনে পৃথকভাবে লড়ার সুযোগে একে অন্যকে বাক্যবাণে জর্জরিত করেন মোদি ও জয়ললিতা। আবার নির্বাচনে দুই নেতার সাফল্যের পর একে অন্যকে ধন্যবাদও জানিয়েছিলেন তারা।
শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তামিল টাইগারের পক্ষে রয়েছে ভারতের তামিলনাডু রাজ্যের অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণ। এলটিটিই ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে চলা যুদ্ধের সময় তমিলদের বিরুদ্ধে সরকার মানবাধিকার লংঘন করেছে বলে অভিযোগ তাদের।
২০১৬ সালে তামিলনাডু রাজ্যসভা নির্বাচন। তার আগে শ্রীলঙ্কার তামিল ইস্যুটি সেখানে খুবই স্পর্শকাতর বিষয়।
