দক্ষিণের জাহাজের কাছে উত্তর কোরিয়ার গোলা
বিতর্কিত পানি সীমায় দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ লক্ষ্য করে গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। তবে অল্পের জন্য ক্ষতি থেকে বেঁচে গেছে দক্ষিণ কোরিয়ার জাহাজটি। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা একথা জানিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, বৃহস্পতিবার পীত সাগরে ইয়ংপিয়ং দ্বীপের কাছে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ লক্ষ্য করে গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
তবে গোলা জাহাজের কাছে গিয়ে পড়লেও জাহাজের কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়া পানিসীমায় উত্তরের তিনটি জাহাজ লক্ষ্য করে সতর্কর্কীকরণ গুলি ছুড়লে উত্তর কোরিয়া এর জবাব দেয়ার হুমকি দেয়।
এ হুমকির একদিন পরই দক্ষিণ কোরিয়ার জাহাজের কাছে পড়ল উত্তর কেরিয়ার গোলা। এর আগে ২০১০ সালে ইয়ংপিয়ং এ উত্তর কোরিয়ার ছোড়া গোলায় ৪ জন নিহত হয়।
