২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পাঠানো ভারতের আমন্ত্রণপত্র পেয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 07:45 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনীম আসলাম সাংবাদিকদের বলেন, “ গতকাল আমন্ত্রণ পেয়েছি। আজ প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

ভারত এবার শরীফ ছাড়াও সার্কভূক্ত দেশগুলোর নেতাদেরকেও প্রধানমন্ত্রী হিসাবে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। শরীফ তাতে যোগ না দিলে প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে এমন ঘটনা এটিই হবে প্রথম।

নওয়াজ শরীফও গত বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু মনমোহন তাতে যোগ দেননি।

শরীফ ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। তবে দেশে কট্টরপন্থিদের বিশেষ করে সেনাবাহিনীর কারণে তিনি ভারতের ব্যাপারে তার অবস্থান কঠোর করার চাপের মুখে পড়েছেন।

অন্যদিকে, ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি দীর্ঘদিন থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে। মোদির নির্বাচনী প্রচারেও এর ছাপ ছিল। ভারতের নতুন নেতা মোদিকে জাতীয় নিরাপত্তার ব্যাপারে আপোসহীন এবং কট্টরপন্থি হিসাবেই দেখা হয়।

তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আসলাম বলছেন, পাকিস্তান মোদির শপথ অনুষ্ঠানের এ আমন্ত্রণকে সম্পর্কোন্নয়নের একটি সুযোগ হিসাবেই দেখছে।