মোদির শপথ অনুষ্ঠানে শরীফকে আমন্ত্রণ
প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একথা জানিয়েছে।
এরকম অনুষ্ঠানে পাকিস্তানি নেতাকে এবারই প্রথম আমন্ত্রণ জানানো হল বলে মনে করা হচ্ছে।
সার্কভুক্ত দেশগুলোর অন্যান্য নেতারাও আমন্ত্রিত অতিথিদের তালিকায় আছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ভারত-পাকিস্তান উত্তেজনাকর সম্পর্কের মধ্যে শরীফকে আমন্ত্রণ জানানোটাই সবেচে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার।
শরীফ এ অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা পরিষ্কার না হলেও ইসলামাবাদের বিবিসি সংবাদদাতারা বলছেন, এ আমন্ত্রণের কারণে নওয়াজ শরীফ চাপে থাকবেন।
গত বছর শরীফ তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানালেও তিনি তাতে যোগ দেননি।
এবার দিল্লিতে পাকিস্তানের হাই কমিশন বলছে, তারা এখনো শরীফের আমন্ত্রণপত্র হাতে পায়নি। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এ আমন্ত্রণে শরীফ কি প্রতিক্রিয়া দেখাবেন তা স্পষ্ট নয়।
