সিরিয়া যুদ্ধে নিহত ১ লাখ ৬২ হাজার
সিরিয়ায় তিন বছরের সংঘাতে অন্তত ১ লাখ ৬২ হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক গ্রুপ। তাছাড়া, প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী এবং বিদ্রোহীদের হাতে ধরা পড়ে নিখোঁজ হয়েছে আরো মানুষ।
সিরিয়ার বিদ্রোহীপন্থি সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, বিদ্রোহীপন্থি গ্রুপগুলোর তুলনায় সরকার পক্ষের যোদ্ধা নিহতের সংখ্যা বেশি। আর লড়াই-সংঘর্ষের শুরু থেকে এ পর্যন্ত বেসামরিক মানুষ নিহতের সংখ্যা অন্তত ৫৪ হাজার।
এছাড়া, সেনাবাহিনী, আসাদপন্থি মিলিশিয়া বাহিনী, লেবানিজ হিজবুল্লাহ যোদ্ধা এবং অন্যান্য বিদেশি শিয়া অস্ত্রধারী মিলিয়ে নিহতের সংখ্যা মোট ৬২ হাজার ৮শ’।
অন্যদিকে, আল কায়েদা নুসরা ফ্রন্ট, অন্যান্য ইসলমিক ব্রিগেড এবং আসাদের পক্ষ ত্যাগ করা সেনারাসহ বিদ্রোহী পক্ষে নিহতের সংখ্যা ৪২ হাজার ৭শ’। নাম-পরিচয়হীন মানুষ নিহত হয়েছে প্রায় ৩ হাজার জন।
অবজারভেটরি বলেছে, লড়াইয়ে লিপ্ত সব পক্ষই নিহতের সংখ্যা কমিয়ে বলার কারণে নিহতের সংখ্যার প্রকৃত সংখ্যা হিসাব করা প্রায় অসম্ভব। আর এ কারণে যুদ্ধে নিহতের মোট সংখ্যা ২ লাখ ৩০ হাজারও হতে পারে।
জেনেভায় তিনমাস আগে সিরিয়ায় সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধান খোঁজার চেষ্টা ভেঙে গেছে। হতাশ হয়ে এ মাসের শেষে পদত্যাগ করতে চলেছেন সিরিয়া বিষয়ক বিশেষ জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমি।
