সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ পুতিনের
ইউক্রেইনের কাছের সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন একথা জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, রোস্তোভ, বেলগোরোদ এবং ব্রায়ান্সক অঞ্চলের সেনা ইউনিটগুলোর উচিত তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে আসা।
রাশিয়া এর আগেও এ ধরনের বিবৃতি দিয়েছে। কিন্তু নেটো বারবারই মাঠ পর্যায়ে পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ার কথা জানিয়েছে।
সংবাদদাতারা বলছেন, ইউক্রেইন সীমান্ত থেকে ৪০ হাজার রুশ সেনা প্রত্যাহার হলে তা ইউক্রেইন সঙ্কট কমাতে সহায়ক হবে।
ইউক্রেইনের ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করে নেয়া থেকে এ অঞ্চলে উত্তেজনা শুরু হয়। সম্প্রতি কয়েক সপ্তাহে ইউক্রেইন সীমান্তে মোতায়েন করে রাখা রুশ সেনা নিয়ে দু’পক্ষে কূটনৈতিক উত্তেজনা আরো বেড়েছিল।
এ পরিস্থিতির মধ্যেই ক্রেমলিন জানাল, “রোস্তোভ, বেলগোরোদ এবং ব্রায়ান্সকে সামরিক বাহিনীর পরিকল্পনামাফিক প্রশিক্ষণ মৌসুম শেষ হয়েছে। পুতিন মহড়ায় অংশ নেয়া প্রতিরক্ষামন্ত্রীকে সেনা প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছেন”।
