২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ব্রাদারহুডের ১৬০ সমর্থকের জেল

মিশরে মুসলিম ব্রাদাহুডের ১৬০ জনেরও বেশি সমর্থককে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে আদালত। রাষ্ট্রীয় টিভি এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 06:01 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর গত অগাস্টে কাফর আল শেখের নিল ডেলটা প্রদেশে সহিংসতায় জড়িত থাকার মামলায় ১২৬ জন ব্রাদারহুড সমর্থককে ১০ বছরের জেল দেয়া হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী গ্রুপের সদস্য হওয়ার অভিযোগ আছে।

কায়রোর পুলিশ একাডেমির আদালতে বিচারক হাসান ফরিদ রায় পড়ে শোনানোর সময় সাজাপ্রাপ্তরা ‘সামরিক শাসন নিপাত যাক’ স্লোগান দেয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

কায়রোর মেট্রো স্টেশন উড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় আরো ৩৭ জনকে ১৫ বছরের জেল দিয়েছে আদালত।

সামরিক বাহিনী গত জুলাইয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর তার দল মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

সাবেক সেনা প্রধান জেনারেল ফাত্তাহ আল সিসি ব্রাদারহুডের প্রতি কোনোরকম নমনীয়তা না দেখানোর ইঙ্গিত দিয়েছেন। মিশরে ২৬-২৭ মে’র প্রেসিডেন্ট নির্বাচনে সিসি খুব সহজেই জিতবেন বলে ধারণা করা হচ্ছে।