২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদি সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন

ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপির হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা জানিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 09:23 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

নির্বাচনের মাধ্যমে সংস্কার আসা নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উচ্চমাত্রা পাবে বলেও আশা করে বেইজিং কর্তৃপক্ষ।

ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, শুক্রবার লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়ং কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, ভারতের নতুন সরকারের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে কাজ করতে আগ্রহী চীন। দুই দেশের মধ্যে লেনদেন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ‍দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরো উচ্চমাত্রায় প্রতিষ্ঠিত করতে আগ্রহী তার দেশ।

হুয়া আরো বলেন, চীনের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র হওয়ার কারণে ভারতের সঙ্গে নিজেদের সম্পর্ককে বিশেষ গুরত্বের সঙ্গে দেখে বেইজিং। সাম্প্রতিক সময়ে বেইজিং-দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গতিশীল মাত্রা পেয়েছে।

শুক্রবার প্রকাশিত লোকসভা নির্বাচনের ফলাফলে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ৩৩৬টি আসনে, যার মধ্যে বিজেপি একাই এগিয়ে রয়েছে ২৮৪টি আসনে।

আর গত ১০ বছর শাসন ক্ষমতায় থাকা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে মাত্র ৫৯টি আসনে, যার মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ৪৬টি আসনে। প্রাথমিক ফলাফলে ইউপিএ সরকারের ক্ষমতা হাতছাড়া হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

তবে ভারতের শাসন ক্ষমতায় আসার পথে থাকা এনডিএ জোটকে আনুষ্ঠানিক অভিনন্দন না জানলেও চীনের সংবাদ মাধ্যমগুলো প্রতিবেশি দেশটির নতুন নেতৃত্ব নিয়ে ইতিবাচক আভাসই দিচ্ছে।

সীমান্ত সমস্যা, তিব্বত ও দালাইলামা ইস্যুতে মোদির অবস্থান স্পষ্ট না হলেও দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে মোদি অগ্রবর্তী ভূমিকা রাখবেন বলে চীনা বিশ্লেষকদের ধারণা।

গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে একাধিকবার চীন সফর করেছিলেন মোদি। তার রাজ্য গুজরাটেও চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে।

চীনের ইনস্টিটিউট অব কনটেমপোরারি ইন্টারনেশনাল রিলেশন্স এর শাখা সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ এর পরিচালক লি লি বলেন, ভারতের জনগণ পরিবর্তনের আশা নিয়েই মোদিকে বেচে নিয়েছে যা এক ধরণের সংস্কারেরই নামান্তর। দুর্নীতি ও মুদ্রাস্ফীতি বিরুদ্ধে এবং চাকরির নিশ্চয়তা ও ভালো জীবনযাত্রার আশায় তারা একাজটি করেছে।

এবারের লোকসভা নির্বাচনে মোদির বিশাল জয়কে ভারতের মানুষের উন্নয়নের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন বলেও মনে করেন তিনি।

“এই দৃষ্টিকোণ থেকে চীন ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সুস্পষ্ট ইঙ্গিত লক্ষ করা যাচ্ছে। মোদি যেহেতু অবকাঠামোর উন্নয়ন ও শিল্পকারখানা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এক্ষেত্রে তার প্রতিবেশি দেশ চীন অনেক বেশি অভিজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে চীনের অনেক প্রতিষ্ঠান ভারতে বিনিয়োগের সুযোগ পাবে বলে আমার মনে হচ্ছে।”-বলেন লি।