২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের বিদায় অনুষ্ঠানে না থাকায় রাহুলের সমালোচনা

ভারতের বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেয়া কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধির বিদায়ী নৈশভোজ ও সংবর্ধনায় না থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাহুল গান্ধি।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 03:21 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

বুধবার মনমোহনের সম্মানে রাহুলের মা সোনিয়া ওই বিদায়ী নৈশভোজের আয়োজন করেছিলেন বলে এনডিটিভি জানিয়েছে ।

বিজেপি’র মুখপাত্র ক্যাপ্টেন অভিমন্যু সিং বলেন, “মনমোহনের সঙ্গে কংগ্রেস কী আচরণ করে তা সারা দেশ জানে। দশ বছর ধরে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, একটি উপযুক্ত বিদায় সংবর্ধনা তার প্রাপ্য। রাহুল গান্ধির সেখানে থাকা উচিত ছিল।”

বিজেপি’র আরেক নেতা শাহনেওয়াজ হুসেন এই ঘটনাকে “দুঃখজনক” বলে মন্তব্য করেছেন।

আম আদমি পার্টির আশুতোষ বলেছেন, “রাহুল গান্ধির অনুপস্থিতি আমাকে হতাশ করেছে, নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেয়ার পর এবার তার দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল।”

বুধবার, সোনিয়া গান্ধির ১০, জনপথ বাড়িতে আয়োজিত ওই নৈশভোজে ৮১ বছর বয়সী বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শীর্ষ কংগ্রেস নেতাদের সই করা একটি স্যুভেনিওর উপহার দেয়া হয়।

সন্ধ্যা গড়িয়ে রাত হওয়ার সঙ্গে সঙ্গে যখন জানা গেল ৪৩ বছর বয়সী রাহুল গান্ধি অনুষ্ঠানস্থলে নেই, তখন শুধু সাংবাদিকরাই নয়, অনেক শীর্ষ কংগ্রেস নেতাও বিমূঢ় হয়ে পড়েন।

জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার আগে রাহুলের এমন আচরণ অনেকেই মেনে নিতে পারেননি।

এ বিষয়ে রাহুলের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “রাহুল গান্ধি শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওই সময় তিনি শহরে থাকবেন না বলে জানিয়েছেন। তিনি তাকে ইতোমধ্যেই ধন্যবাদ জানিয়েছেন।”