২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে বিক্ষোভকারীদের শিবিরে হামলা, নিহত ২

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভকারীদের শিবিরে এক রক্তক্ষয়ী হামলায় দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছে আরো অন্তত ২২ জন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 10:22 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

বৃহস্পতিবার ভোরে ব্যাংককের ডেমক্রেসি মনুমেন্টে এ হামলা ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

হামলার সময় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মন্ত্রীসভার পরিবর্তে নিয়োগকৃত একটি প্রশাসনের হাতে সরকারি ক্ষমতা হস্তান্তরের জন্য দেশটির সিনেটের ওপর চাপ সৃষ্টি করে আসছিল বিক্ষোভকারীরা।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের নির্দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ক্ষমতা ছাড়ার পর তার দলের মন্ত্রীসভা অন্তর্বর্তী দায়িত্ব হিসেবে সরকার পরিচালনা করছে। কিন্তু এটি মেনে নেয়নি বিরোধীদল সমর্থিত বিক্ষোভকারীরা।

গত নভেম্বরে ইংলাক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই থাইল্যান্ডে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এ সময়ে উভয়পক্ষের অন্তত ২৭ জন নিহত ও কয়েকশত মানুষ আহত হয়েছেন।

গত কয়েকদিন ধরে উভয়পক্ষের সমর্থকরাই ব্যাংককে মিছিল-সমাবেশ করে আসছিল। এতে আবারো সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের শিবির লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে হামলাটি শুরু করা হয়, এরপর গুলিবর্ষণ করা হয়।

ব্যাংককের একটি জরুরী চিকিৎসা কেন্দ্রের এক চিকিৎসক জানিয়েছেন, আহতদের গায়ে স্প্লিন্টারের আঘাত লেগেছে।

পুলিশ মেজর ওয়াললোপ প্রাথুমমুয়াঙ্গ জানিয়েছেন, ডেমক্রেসি মনুমেন্টে ঘুমিয়ে থাকা এক বিক্ষোভকারী প্রথম নিহত হন, এর পর অন্যদের পাহারারত আরেকজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষই হামলার দায়িত্ব স্বীকার করেনি। থাইল্যান্ডের সরকারপন্থী ও বিরোধী, উভয়পক্ষেরই সশস্ত্র উগ্রপন্থী সদস্য আছে।