২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ হয়ে পদ ছাড়ছেন সিরিয়া শান্তিদূত ব্রাহিমি

সিরিয়ায় গৃহযুদ্ধ থামাতে প্রায় দুই বছর ধরে চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাতিসংঘের বিশেষ শান্তিদূত লাখদার ব্রাহিমি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2014, 06:43 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

আগামী ৩১ মে ব্রাহিমি তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে মঙ্গলবার জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

শান্তি প্রচেষ্টা সফল না হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে দোষারোপ করেছেন ব্রাহিমি।

২০১২ সালে একই দায়িত্ব থেকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান সরে যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন এই আলজেরীয় নাগরিক।

শান্তি প্রচেষ্টা ও দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার অনেক কাজে খ্যাতি থাকলেও সিরিয়া যুদ্ধে শান্তি প্রচেষ্টায় সফলতা আসেনি তার।

এর আগে সিরিয়া নিয়ে ছয়মাস কাজ করার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্লিপ্ততার সমালোচনা করে পদত্যাগ করেন কফি আনান।

ব্রাহিমি সাংবাদিকদের বলেন, “এটা আমার জন্য সুখকর কিছু নয়। খুবই দুঃখজনক যে, সিরিয়াকে একটা খারাপ অবস্থায় রেখে আমি পদত্যাগ করছি।”

তিনি আরো বলেন, “ওই পরিস্থিতির সঙ্গে যারা এখনো জড়িত এবং সিরিয়ায় যাদের প্রভাব আছে তাদের মনে রাখতে হবে- আর কত লাশ আমরা সেখানে দেখব? সিরিয়া আমাদের পরিচিত সেই সিরিয়ায় ফিরে যেতে আর কত ধ্বংসযজ্ঞের শিকার হবে?”

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ দাবি থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে সিরিয়ায় মারা গেছে দেড় লাখেরও বেশি মানুষ। ২৫ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। জরুরি সাহায্যের মুখাপেক্ষী হয়েছে ৯০ লাখ সিরিয়।

সিরিয়ার বিদ্রোহীদের পক্ষে আছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং সুন্নি প্রভাবাধীন আরব দেশগুলো। অপর দিকে ইরান, রাশিয়া ও লেবানন রয়েছে প্রেসিডেন্ট আসাদ প্রশাসনের পক্ষে। রাশিয়ার মিত্র চীনও শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান থেকে রাশিয়ার সঙ্গে রয়েছে।

দুই বছরের প্রচেষ্টায় জেনেভায় যুদ্ধরত দুই পক্ষকে দুইবার আলোচনার টেবিলে হাজির করিয়েছিলেন শান্তিদূত ব্রাহিমি। এছাড়া মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ার পর সিরিয়ায় দুর্গতদের জন্য কিছু আন্তর্জাতিক ত্রাণ পৌঁছানোর কাজও করতে পেরেছিলেন তিনি। তবে কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি আনতে পারেন নি ব্রাহিমি।

নতুন দূত কামেল মর্জান

ব্রাহিমির পদত্যাগ প্রক্রিয়ার পাশাপাশি সিরিয়ায় নতুন আরেকজনকে শান্তিদূত করার চেষ্টাও শুরু হয়েছে।

সম্ভাব্যদের মধ্যে তিউনিশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামেল মরজানের নামই বেশি শোনা যাচ্ছে।

“বান কি-মুন বলেন, পরিস্থিতির আলোকে কাকে এপদে নিযুক্ত করা বেশি ভাল হবে এ মুহূর্তে আমি তাই-ই ভাবছি।”