২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোকো হারামের সঙ্গে আলোচনায় ‘প্রস্তুত’ নাইজেরিয়া

অপহৃত দুই শতাধিক স্কুলছাত্রীর মুক্তির জন্য জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সঙ্গে আলোচনা করতে নাইজেরিয়া সরকার ‘প্রস্তুত’ বলে বিবিসি’কে জানিয়েছেন এক মন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 11:39 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

বোকো হারামের নেতা আবু বকর শেকাউ সোমবার বলেছেন, আটক ছাত্রীদের ইসলামধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। কারান্তরীন যোদ্ধাদের মুক্তির বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হবে।

বিশেষ দায়িত্ব বিষয়ক মন্ত্রী তানিমু তুরাকি বলেন, শেকাউ এ ব্যাপারে আন্তরিক হলে তিনি আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবেন।

বোকো হারামের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে অপহৃতদের মুক্তির পথ খুঁজে বের করতে প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের গঠিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে তুরাকিকে।

তিনি বলেন, সম্প্রীতির লক্ষ্যে গঠিত এ স্ট্যান্ডিং কমিটিতে শেকাউ এর বিশ্বস্ত প্রতিনিধি পাঠানো উচিত।

বিবিসি’র ফোকাস অন আফ্রিকা প্রোগ্রামে তুরাকি বলেন, “সহিংসতার পথ এড়িয়ে সঙ্কটের অবসান ঘটানোর চাবিকাঠি হচ্ছে সংলাপ”।

সরকার প্রথমে বোকো হারামের সঙ্গে কোনোরকম আলোচনা নাকচ করলেও এখন অবস্থান পরিবর্তন করছে বলে ধারণা প্রকাশ করেছেন সংবাদদাতারা।

স্কুলছাত্রীদের হদিস পেতে নাইজেরিয়ায় চলছে যুক্তরাষ্ট্রের মনুষ্যচালিত নজরদারি বিমান অভিযান। এরই মধ্যে সরকারের আলোচনার এ উদ্যোগ এল।

গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি স্কুলে হামলা চালায় পশ্চিমা শিক্ষার বিরোধী বোকো হারাম জঙ্গিরা।

হামলার পর ৫০ জন পালিয়ে আসতে পারলেও ২০০ শতাধিক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বোকো হারাম। এর পর কয়েক ধাপে আরো কিছু ছাত্রীকে অপহরণ করে তারা।

পুরনো খবর:

নাইজেরিয়ায় অপহৃতদের সন্ধানে যুক্তরাষ্ট্রের বিমান