বিজেপি ২৫৩, কংগ্রেস পাবে ৬৬ আসন: জরিপ
ভারতে লোকসভা নির্বাচন পরবর্তী এক জরিপে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পাবে রেকর্ড ২৫৩ আসন। আর ক্ষমতাসীন দল কংগ্রেস পাবে মাত্র ৬৬ টি আসন, যা হবে তাদের সর্বকালের সবচেয়ে খারাপ ফল।
১০ পর্বের নির্বাচনে প্রতিটি ভোটের দিনশেষে লেন্সঅননিউজ পরিচালিত এ জরিপের ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। প্রায় ৪০ হাজার ভোটারের ওপর জরিপ চালানো হয়।
জরিপে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স’ (এনডিএ) নির্বাচনে সর্বমোট ৩০৩ আসন জিতবে বলে আভাস পাওয়া গেছে।
অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ এলায়েন্স (ইউপিএ) লোকসভায় ৮৯ আসন পেতে পারে।
জরিপ বলছে, বিজেপি সবচেয়ে ভাল ফল করবে প্রধানত: উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান এবং মহারাষ্ট্র থেকে। গুজরাট, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকেও বিজেপি থাকবে শক্ত অবস্থানেই।
এনডিএ জোট ভাল করবে তামিল নাড়ুর মতো রাজ্যগুলোতে। যেগুলোতে আগে জোটের অবস্থান ততটা ভাল ছিল না।
তামিল নাড়ুতে এনডিএ প্রধান বিরোধী দল ডিএমকে’কেও পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে বলে জরিপে আভাস পাওয়া যাচ্ছে। উড়িষ্যায় কংগ্রেসকে তৃতীয় অবস্থানে ঠেলে দিতে পারে বিজেপি।
সোমবারের বুথ ফেরত জরিপেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে আভাস দেয়া হয়েছে।
