২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্টের কারাদণ্ড

ঘুষ গ্রহণের দায়ে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের ছয় বছরের কারাদণ্ড হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2014, 03:28 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

এই প্রথম দুর্নীতির দায়ে একজন সাবেক ইসরায়েলি সরকার প্রধান দণ্ডিত হলেন।

মঙ্গলবার তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করে তেল আবিবের একটি আদালত।

জেরুজালেমের মেয়র থাকার সময় আবাসিক খাতের বিনিয়োগ কোম্পানিগুলোর কাছ থেকে তিনি ঘুষ নিয়েছিলেন বলে প্রমাণিত হয়।

তবে বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় কাজ করে আন্তর্জাতিক সম্মান অর্জন করা ওলমার্ট কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন।

শাস্তির বিষয়ে ওলমার্টের পক্ষ থেকে ইসরায়েলের সর্বোচ্চ আদালতে আপিল করা হয়েছে।

এই আপিলের নিষ্পত্তি হতে কয়েক মাস লাগতে পারে। সেই পর্যন্ত ৬৮ বছর বয়সী ওলামার্টকে মুক্ত থাকতে দিতে কারাদণ্ডের আদেশ দেয়া কোর্টের কাছে আবেদন করেছেন ওলমার্টের আইনজীবী।

দু্ই বছর আগে যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে দুর্নীতি করার বেশ কয়েকটি বড় ধরনের অভিযোগ থেকে মুক্তি পেয়েছিলেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ।

ওই সব অভিযোগের কারণে ২০০৮ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তিনি। তবে নির্দোষ ঘোষিত হওয়ার পর আবারও তিনি রাজনীতিকে ফিরে আসতে পারবেন বলে ধারণা তৈরি হয়েছিল।

কিন্তু নতুন এই দুর্নীতির বিচারে বিচারক ডেভিড রোজেন ওলামার্টকে দোষী সাব্যস্ত করেছেন।

প্রমাণিত দুটি দুর্নীতির অভিযোগের একটিতে তিনি জেরুজালেমে অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ প্রকল্পের জন্য ডেভলপারদের কাছ থেকে ১ লাখ ৪৪ হাজার ডলার এবং অন্য একটি আবাসন প্রকল্পের জন্য ১৭ হাজার ডলার ঘুষ নিয়েছিলেন।