২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কা কেটেছে তসলিমার

বায়োপসি রিপোর্ট হাতে পাওয়ার পর ক্যান্সারের শঙ্কা কেটেছে বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরীনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 11:54 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

সোমবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি হাসপাতাল থেকে বায়োপসি রিপোর্ট পান তিনি। এতে তার ক্যান্সারের আশঙ্কা নাকচ করা হয়েছে।

গত ৬ মে বায়োপসির জন্য এই হাসপাতালে লেখিকার দেহের নমুনা সংগ্রহ করা হয়।

সম্প্রতি এক টুইটার বার্তায় নিজের অসুস্থতার কথা জানিয়ে ক্যান্সারের আশঙ্কা প্রকাশ করেন আলোচিত-সমালোচিত এই লেখিকা।

টুইটে তিনি বলেন, কয়েক দিন ধরে একটু একটু কাঁশি হওয়ায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে যান তিনি। সেখানে ফুসফুস পরীক্ষার পর চিকিৎসকরা স্তন পরীক্ষা করেন।

“স্তনে টিউমার ধরা পড়েছে,যা প্রায় এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়েছে।”

এরপরই লেখিকার ‘বায়োপসি’ করা হয়।

ক্যান্সারে মায়ের মৃত্যু এবং বর্তমানে এক ভাই নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নেয়ায় নিজের ক্ষেত্রেও একই সমস্যার আশঙ্কা করছিলেন তিনি।

ক্যান্সারের আশঙ্কা মুক্ত হয়ে স্বাভাবিকভাবে নিজের কার্যক্রম চালিয়ে যাবেন বলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন তসলিমা নাসরীন।

আগামী ১৬ মে ওয়াশিংটন ডিসিতে ‘উইমেন ইন সেক্যুলারিজম’ বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেয়ার কথা রয়েছে তার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৬ সালে এমবিবিএস পাস করেন তসলিমা নাসরীন। চিকিৎসা সেবার পাশাপাশি লেখালেখি করতেন। লজ্জা উপন্যাস প্রকাশের পর মৌলবাদীদের হুমকি ও ব্যাপক হৈ চৈয়ের মধ্যে ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হন তিনি।

এরপর বিভিন্ন দেশে আশ্রয় নেয়া এই লেখিকা বর্তমানে ভারতে অবস্থান করছেন। গত ২৮ এপ্রিল নয়াদিল্লি থেকে নিউ ইয়র্কে আসেন তিনি।