রাশিয়ায় যোগ দেয়ার আবেদন ইউক্রেইনের রুশপন্থিদের
পূর্ব ইউক্রেইনে স্ব-শাসন প্রশ্নে গণভোটে জয় দাবির পর অঞ্চলটিকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করে নেয়ার আবেদন জানিয়েছেন মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতারা।
ডোনেস্ক অঞ্চলের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ক্রিমিয়ার মতো একইভাবে রাশিয়ায় যোগ দেয়ার এ আবেদন জানায়।
স্বঘোষিত ডোনেস্ক প্রজাতন্ত্রের নেতৃস্থানীয় সদস্য ডেনিস পুশিলিন বলেছেন, “ডোনেস্কের জনগণ সবসময়ই রাশিয়ার অংশ ছিল। আমাদের কাছে, রাশিয়ার ইতিহাস মানে আমাদেরই ইতিহাস।”
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জনগণের ইচ্ছা এবং ঐতিহাসিক ন্যায়বিচার পুনর্প্রতিষ্ঠার ওপর ভিত্তি করে আমরা রাশিয়ান ফেডারেশকে ডোনেস্ক প্রজাতন্ত্রকে তাদের অন্তর্ভুক্ত করে নেয়ার কথা বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি”।
ডোনেস্ক এর এ পদক্ষেপে কিয়েভ সরকার এবং পশ্চিমা বিশ্ব আরো ক্ষুব্ধ হবে বলেই মনে করা হচ্ছে। ইউক্রেইন সঙ্কট ঘনীভূত করার জন্য রাশিয়াকে বরাবরই দোষারোপ করে আসছে কিয়েভসহ ইউরোপ এবং যুক্তরাষ্ট্র।
মস্কো ইউক্রেইনকে অস্থিতিশীল কিংবা বিচ্ছিন্ন করার কোনোরকম অভিপ্রায় থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে ইউক্রেইন সীমান্তে সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। যে কোনো সময় ইউক্রেইনে রুশ সেনা ঢুকে পড়তে পারে বলে শঙ্কিত কিয়েভ।
রাশিয়া ইউক্রেইনের বৈধ শাসনের অবসান ঘটাতে চাইছে বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভের। ক্রেমলিন ২৫ মে ইউক্রেইনে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন বানচাল করতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি।
আরআইএ বার্তা সংস্থা পূর্ব ইউক্রেইনের এক রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, লুহানস্ক অঞ্চল ২৫ মে’র নির্বাচন বয়কট করবে। তিনি লুহানস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করেন।
রাশিয়ার সঙ্গে যোগদানের জন্য লুহানস্ক আরেকটি গণভোট করতে পারে বলেও জানান ওই নেতা। মার্চে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার আগে যেমনটি করা হয়েছিল ইউক্রেইনের ক্রিমিয়ায়।
