‘দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রাজনৈতিক বেশ্যা’
একটি তদন্তের সাজানো ফলাফলের জন্য যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করেছে উত্তর কোরিয়া।
ওই তদন্তের ফলাফলে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রধান সামরিক স্থাপনাগুলোর ওপর গোয়েন্দাগিরি করার জন্য মার্চে উত্তর কোরিয়া একটি ছোট গোয়েন্দা ড্রোন বা চালকবিহীন বিমান পাঠিয়েছিল।
উত্তর কোরীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গেয়ুন হি সরকারের উদ্ভাবিত উস্কানিমূলক চক্রান্তকে অন্ধভাবে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন।
এ সময় দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ককে “রাজনৈতিক বেশ্যা” বলে আখ্যায়িত করেন তিনি।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে অনামা ওই মুখপাত্র বলেন, “ওয়াশিংটন যদি শুধু তার কৌতুকের বাঁশিতেই কান লাগিয়ে থাকে, তাহলে বলতেই হবে সে একজন জরাগ্রস্থ বৃদ্ধের মতো আচরণ করছে।”
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে উত্তর কোরিয়ার ধারাবাহিক লিখিত আক্রমণের এটি সর্বশেষ ঘটনা। এর আগে প্রেসিডেন্ট পার্ককে “যৌনকর্মী” বলে উল্লেখ করেছিল উত্তর কোরিয়া।
