পূর্ব ইউক্রেইনের রুশপন্থীদের উদ্যোগে গণভোট
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দুটি এলাকার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা “স্ব-শাসন” শুরু করার প্রশ্নে গণভোট আয়োজন করেছে। এই গণভোট ইউক্রেইনে পুরো মাত্রার গৃহযুদ্ধের সূচনা করতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা শক্তিগুলো।
পূর্ব ইউক্রেইনের দোনেস্ক ও লুহানস্ক এলাকার রুশপন্থী স্বঘোষিত নেতারা এই ভোটের আয়োজন করেছেন বলে জানিয়েছে বিবিসি।
রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এরপর সারারাত ভোট গণনার পর সকালে ভোটের ফলাফল দোনেস্কে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে রয়টার্স।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই গণভোট পিছিয়ে দেয়ার আহ্বান জানালেও নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন গণভোট আয়োজনকারীরা।
এই গণভোটের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইউক্রেইনের কেন্দ্রিয় সরকার বলেছে, “এই ভোটর ফলে ওই এলাকায় বিপর্যয় নেমে আসতে পারে।”
পূর্ব ইউক্রেইনের অনেকগুলো সরকারি দপ্তর দখল করে রাখা রুশপন্থী অস্ত্রধারীরা ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
প্রকাশিত সংবাদে জানা গেছে, রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা স্লোভিনস্ক শহরের উপকণ্ঠে শনিবার দিবাগত রাতে দুপক্ষের মধ্যে সহিংস লড়াই হয়েছে।
ইউক্রেইনের “সন্ত্রাসবিরোধী” অভিযানে নিয়োজিত সেনারা গত কয়েকদিন ধরে শহরটি অবরুদ্ধ করে রেখেছিল।
শুক্রবার দোনেস্ক অঞ্চলের মারিয়ুপোল বন্দর এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে সরকারি হিসাবে অন্তত সাতজন নিহত ও ৩৯ জন আহত হয়েছিল।
গত সপ্তাহের মাঝামাঝি গণভোট আয়োজনকারীরা জানিয়েছিল, অধিকাংশ ভোটকেন্দ্র রুশপন্থী আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এসব কেন্দ্রে ভোটের জন্য প্রস্তুত আছে। লাখ লাখ ব্যালট পেপারও ছাপা হয়েছে।
ব্যালট পেপারে ইউক্রেনীয় ও রুশ ভাষায় একটিই প্রশ্ন রাখা হয়েছে, সেটি হল, “আপনি কি দোনেস্ক প্রজাতন্ত্র/লুহানস্ক প্রজাতন্ত্রের স্ব-শাসিত রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করেন?”
এই গণভেোটের পর চলতি মাসের কোনো এক সময় দ্বিতীয় পর্ব গণভোট গ্রহণ করবেন বলে জানিয়েছেন উদ্যেক্তারা। ওই সময় রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার প্রশ্নে গণভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা।
তারা আসছে ২৫ মে ইউক্রেইনের প্রেসিডেন্ট নির্বাচন বর্জন করবেন বলেও জানিয়ে রেখেছেন।
এদিকে, শনিবার ইউক্রেইনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট আলেকজান্ডার তুর্চিনোভ স্বীকার করেছেন, পূর্ব ইউক্রেইনের অনেকেই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেন। তবে এরপরও তিনি হুঁশিয়ার করে বলেছেন, “গণভোটের মাধ্যমে ভয়াবহ পরিস্থিতির দিকে যাওয়া হচ্ছে।”
গণভোটের কারণে ইউক্রেইনে গৃহযুদ্ধ বেধে যেতে পারে, এই আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এ গণভোটের নিন্দা জানিয়েছে।
