২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রী অপহরণ: জঙ্গিদের বিরুদ্ধে ক্ষোভ মুসলিম বিশ্বেও

নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের হাতে দুই শতাধিক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় পশ্চিমাদের পাশাপাশি  মুসলিম নেতারাও তীব্র ক্ষোভ জানিয়েছেন। অপহৃতদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 May 2014, 09:43 PM

Updated : 22 Aug 2022, 08:37 PM

এদিকে এখনো অপহৃতদের কোনো সন্ধান না পাওয়ায় নাইজেরীয় সরকার ও প্রেসিডেন্ট গুডলাক জনাথনের তীব্র সমালোচনা হচ্ছে।

উদ্ধার অভিযানে নাইজেরীয় কর্তৃপক্ষকে সহায়তায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন প্রতিনিধি দল পাঠিয়েছে।

জঙ্গিরা অপহরণের পর স্কুলছাত্রীদেরকে পাশের দেশ ক্যামেরুনের গভীর জঙ্গলে নিয়ে গেছে বলে ধারণা করা হলেও শুক্রবার তা নাকচ করেছেন প্রেসিডেন্ট গুডলাক।

তিনি বলেন, অপহৃতদেরকে পাশের দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রচার করা হলেও ছাত্রীদেরকে দেশের অভ্যন্তরেই রাখা হয়েছে বলে তার ধারণা ।

“তাদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে। যদি সত্যিই তাদেরকে ক্যামেরুনে নিয়ে যাওয়া হতো তবে তা কেউ না কেউ দেখে ফেলতো। তাই আমার বিশ্বাস স্কুলছাত্রীরা দেশেই আছে।” বলেন জনাথন।

গত ১৪ এপ্রিল রাতের আঁধারে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি স্কুলে হামলা চালায় পশ্চিমা শিক্ষার বিরোধী বোকো হারাম জঙ্গিরা।

হামলার পর ৫০ জন পালিয়ে আসতে পারলেও ২০০ শতাধিক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। এর পর কয়েক ধাপে আরো কিছু ছাত্রীকে অপহরণ করে তারা।

‘পরিণত বয়সে বিয়ে করার পরিবর্তে স্কুলে যাওয়ায়’ ওই ছাত্রীদের বিক্রি করার হুমকি দিচ্ছে জঙ্গিরা। 

ধর্মীয় নেতাদের ক্ষোভ

অপহরণের ঘটনায় মানবাধিকার সংগঠন, পশ্চিমা বিশ্বের পাশাপাশি নাইজেরিয়া ও অন্যান্য মুসলিম দেশের ধর্মীয় নেতারাও নিন্দা জানিয়েছেন।

জঙ্গি সংগঠনটি ইসলামকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেন সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ।

তিনি বলেন, বোকো হারাম পথভ্রষ্ট হয়ে গেছে। তাদেরকে ভুল ধরিয়ে দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার সপ্তাহিক প্রার্থনার দিনে নাইজেরিয়ার রাজধানী আবুজাসহ অন্যান্য শহরে অপহৃত ছাত্রীদের ফিরে পেতে বিশেষ প্রার্থনা করা হয়। এসময় বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনেক মুসল্লি।

বোকো হারামকে ইঙ্গিত করে ধর্মীয় নেতা আকিওয়ালার আরিকবি বলেন, “তারা মুসলিম নয়, তাদের লড়াইও আল্লাহর জন্য নয়। তারা ধর্মের জন্যও যুদ্ধ করছে না। তারা শয়তানের পক্ষে যুদ্ধ করছে।

মিশেল ওবামার ক্ষোভ

শনিবার মা দিবসের ভাষণে অপহরণের ঘটনায় নিন্দা জানান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা।

“বিশ্বের কোটি কোটি মানুষের মতো আমার স্বামী এবং আমি নাইজেরিয়ায় দুই শতাধিক স্কুলছাত্রী অপহৃত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ এবং মর্মাহত। মেয়েগুলোকে মধ্যরাতে তাদের স্কুলের আঙিনা থেকে অপহরণ করা হয়েছে।”

সন্ত্রাসী গোষ্ঠী মেয়েদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করতে এমন বিবেকহীন কাজটি করেছে। তারা মেয়েদেরকে তাদের আকাঙ্খা থেকে বঞ্চিত করতে চায়।” বলেন মিশেল।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি বলেন, প্রেসিডেন্ট ওবামা অপহৃতদের উদ্ধারে নাইজেরিয়া সরকারকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

“অপহৃত মেয়েদের মাঝে আমি আমাদের দুই মেয়েকে খুঁজে পাই। মেয়েদের বাবা-মায়ের কষ্ট আমরা অনুভব করতে পারি।” বলেন মিশেল ওবামা।

আবুজায় স্বজনদের বিক্ষোভ

এদিকে স্কুলছাত্রীদের উদ্ধারে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে নাইজেরিয়ার রাজধানী আবুজায় সমবেত হয়েছে অপহৃতদের স্বজনরা। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করেন তারা।

অপহৃত এক স্কুলছাত্রীর বাবা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমার মেয়েটি ছিল অত্যন্ত অনুগত, অত্যন্ত ধর্মপরায়ন। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল তার। সে লক্ষ্যেই সে সংগ্রাম করে যাচ্ছিল।”

২০০৯ সালে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হওয়ার পর হাজার হাজার নাইজেরীয়কে হত্যা করেছে বোকো হারাম জঙ্গিরা। তাদের কারণে পাশের দেশ কেমেরুন ও নাইজারেও অস্থিতিশীলতা বিরাজ করছে।