২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাল প্রকল্পে দোষী ইংলাক, নিষিদ্ধ হচ্ছেন রাজনীতিতে!

আলোচিত চাল প্রকল্পে দায়িত্বে অবহেলার অভিযোগে থাইল্যান্ডের পদচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতকে দোষী সাব্যস্ত করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। সিনেটে অভিযোগের পূর্ণাঙ্গ শুনানির পর তিনি রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন বলে আশঙ্কা বাড়ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2014, 08:57 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

সাংবিধানিক আদালতের নির্দেশে পদত্যাগের এক দিনের মাথায় বৃহস্পতিবার ইংলাককে দোষী সাব্যস্ত করে জাতীয় দুর্নীতি বিরোধী কমিশন।

প্রকল্পের আওতায় বাজারমূল্যের চেয়ে বেশি দাম দিয়ে কৃষকদের কাছ থেকে চাল কিনে ইংলাক সরকার। প্রকল্পটির কারণে রাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলারের ক্ষতিও হয়।

কমিশনের সভাপতি প্যান্থিপ ক্লানারং বলেন, “কমিটি বিষয়টি তদন্ত করেছে এবং মামলা করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ পেয়েছে.... এখন আমরা তা সিনেটে পাঠাব।”

থাই সিনেটও ইংলাককে দোষী সাব্যস্ত করলে পাঁচ বছরের জন্য তিনি রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

ক্ষমতার অপব্যবহারে দায়ে সাংবিধানিক আদালতের নির্দেশে বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইংলাক। তবে নির্বাচনে বিজয়ী হয়ে আবার তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন, এমনটিই আশা করছিলেন তার সমর্থকরা।

কিন্তু দুর্নীতিবিরোধী সংস্থার তদন্তে দোষ প্রমাণ হওয়ার পর ইংলাকের সমর্থকদের সে আশা এখন প্রায় গুড়েবালি।

প্রায় এক দশক ধরে থাইল্যান্ডের অভিজাত শ্রেণির সঙ্গে ইংলাক পরিবারের বিরোধ চলছে। ইংলাকের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত ওই বিরোধের কারণেই রাজনীতি ছেড়ে পরবাসী হয়েছেন। থাকসিনের স্থলাভিষিক্ত হওয়ার পর ইংলাকও ভাইয়ের পরিণতির দিকে যাচ্ছেন বলে বিশ্লেষকদের ধারণা।

ইংলাক সরকারের পদত্যাগের দাবিতে ছয়মাস ধরে রাজধানী ব্যাংককে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে, যা কখনো কখনো রক্তপাতে গড়িয়েছে।

বিক্ষোভের মুখে চলতি বছরের শুরুতে আগাম নির্বাচন দিলেও বিরোধীদের বর্জনের কারণে তা সফল হয়নি। পার্লামেন্টে কোটা পূর্ণ না হওয়ায় পাঁচ মাসের মাথায় আবারো নির্বাচন করতে হচ্ছে ক্ষমতাসীনদেরকে।

পুরনো খবর:

‘রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারেন ইংলাক’