২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধুচন্দ্রিমায় ৬৭৫ দিন!

এক সদ্য বিবাহিত দম্পতি প্রায় দুই বছর ধরে বিশ্বের ছয়টি মহাদেশের ৩৩টি দেশ ভ্রমণ করে মধুচন্দ্রিমা যাপন করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 01:02 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

অ্যানি এবং মাইক হাওয়ার্ড দম্পতি বিয়ের পরপরই তাদের চাকরি ছেড়ে দিয়ে নিজেদের অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়ে দেন। এরপর ব্যাগট্যাগ গুছিয়ে বিশ্ব-মধুচন্দ্রিমায় বেরিয়ে পড়েন বলে এনডিটিভি জানিয়েছে।

৬৭৫ দিনের এই মধুচন্দ্রিমায় বিশ্বভ্রমণে তারা কোনো ভ্রমণ তালিকা বা কোনো গাইডবইও অনুসরণ করেননি। পুরো সময়ই নিজেদের ইচ্ছেমতো যেখানে মন চেয়েছে সেখানেই গিয়েছেন তারা।

তারা আফ্রিকার জঙ্গলগুলোতে ঘুরে বেড়িয়েছেন, সেখানে ‘আলটিমেট পার্টি’ উপলক্ষে মাথা মুণ্ডন করেছেন। দক্ষিণ আমেরিকায় গিয়ে ব্রাজিলের রিও ডি জেনিরোতে বিখ্যাত কার্নিভালে অংশ নিয়েছেন, থাইল্যান্ডে এসে রান্নার ক্লাস করেছেন, জাপানে গিয়ে জাপানি চিত্রশিল্পের ওপর প্রশিক্ষণ নিয়েছেন।

তারা প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চল ও ইউরোপেও গিয়েছেন।

সারাজীবন মনে রাখার মতো অনেক স্মৃতি নিয়ে প্রায় দুবছর পর ঘরে ফিরে এসে এখন সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন তারা।

এসব সুখস্মৃতি অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট খুলেছেন অ্যানি ও মাইক।
মাইকের লিঙ্কেডিন প্রোফাইল তাকে একজন পেশাদারি মধুচন্দ্রিমা উপদেষ্টা হিসেবে তুলে ধরেছে, আর বিশ্বে মাইককে দিয়ে শুরু হওয়া নবতম এই পেশায় সে ভাল করবেই বলে সবার ধারণা।