বারানসিতে ‘নিষিদ্ধ’ হচ্ছেন মোদি: অভিযোগ বিজেপি’র
ভারতে লোকসভা নির্বাচনের শেষ পর্বে বারানসিতে বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে কোনো সভা-সমাবেশ করতে না দেয়া নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দলটির বিরোধ শুরু হয়েছে।
নিজ নির্বাচনী আসনে মোদির ওপর এ কড়াকড়ি তাকে ‘নিষিদ্ধ’ করারই শামিল বলে অভিযোগ করেছে বিজেপি।
বারানসিতে মোদিকে সমাবেশ করতে না দেয়া ছাড়াও গঙ্গা নদীর তীরে বিশেষ প্রার্থনা এবং বিলাসবহুল একটি হোটেলে ১৫০ জনের উপস্থিতিতে একটি সভা করার অনুমতি দেয়নি নির্বাচন কমিশন। অনুমতি না দেয়ার কোনো লিখিত কারণও জানানো হয়নি বলে অভিযোগ বিজেপি’র।
দলটি জানায়, সমাবেশের ব্যাপারে প্রথমে তাদেরকে বলা হয়েছিল, সমাবেশের স্থানটি আগেই থেকেই বরাদ্দ নিয়েছে একটি এনজিও’। পরে বলা হয়, সমাবেশস্থলটি মোদির জন্য নিরাপদ নয় বলে সতর্ক করেছেন গোয়েন্দারা।
বিজেপি ওই স্থানের পরিবর্তে নতুন একটি জায়গায় সমবেশ করতে রাজি হয়েছিল- নির্বাচন কমিশনের এক প্রতিনিধির এমন দাবি নাকচ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতা অরুণ জেটলি।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনটি চিঠিও পাঠিয়েছেন তিনি। প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার দল বিক্ষোভ মিছিল করবে বলে জানান জেটলি । এছাড়া, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার প্রাঞ্জল যাদবের পদত্যাগও দাবি করেন বিজেপি নেতারা।
ভারতের লোকসভা নির্বাচনের শেষ পর্বে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বারানসিতে। এর মাত্র চারদিন আগে নির্বাচন কমিশন মোদির বিরুদ্ধে এক ধরনের নিষেধাজ্ঞাই আরোপ করেছে বলে অভিযোগ ক্ষুব্ধ বিজেপি নেতাদের।
অরুণ জেটলি বলেন, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বারানস হিন্দু ইউনিভার্সিটির বাইরে বিক্ষোভ মিছিল করবে বিজেপি।
তিনি বলেন, মোদিকে সমাবেশের অনুমোদন না দেয়ার কারণে তিনি হেলিকপ্টারে করে বারানস ইউনিভার্সিটিতে গিয়ে নামবেন। সেখান থেকে সড়ক পথে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে জরুরি বৈঠক করবেন।
বারানসিতে মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন নতুন দল আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। সেখানে কংগ্রেসের হয়ে লড়ছেন অজয় রায়।
