থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নিউয়াত্তুমরং বুনসংপাইসান
থাইল্যান্ডে আদালতের নির্দেশে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতের পদত্যাগের পর নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে মন্ত্রিসভা।
ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে বুধবার সাংবিধানিক আদালতের রায়ে ইংলাক পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত করা হয়েছে বাণিজ্যমন্ত্রী নিউয়াত্তুমরং বুনসংপাইসানকে।
২০১১ সালে দলের স্বার্থে জাতীয় নিরাপত্তা প্রধান থাভিল প্লিয়েনশ্রিকে সরিয়ে দেয়ার অভিযোগ ছিল ইংলাকের বিরুদ্ধে। এ নিয়ে কয়েকজন থাই সিনেটর আদালতে ইংলাকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন।
একই ঘটনায় জড়িত থাকায় আদালতের নির্দেশে ইংলাক সরকারের আরো নয়জন মন্ত্রীকে সরে যেতে হয়েছে।
সদ্য পদচ্যুত প্রধানমন্ত্রীর উপদেষ্টা নোপাদ্দম পাত্তামা বলেছেন, মন্ত্রিসভার বাকি সদস্যরা আরেকটি নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন।
ওদিকে ইংলাকের দল পুয়ে থাই পার্টি আদালতের রায়কে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ব্যাহত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছে।
দলটির তাৎক্ষণিক এক বিবৃতিতে রায়ের বিপক্ষে থাকা লোকজনকে এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে বলা হয়।
থাইল্যান্ডে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচন আদালতের রায়ে বাতিল হওয়ার পর এ মাসের শুরুর দিকে ক্ষমতাসীন দল নতুন করে জুলাইয়ে সাধারণ নির্বাচন ডেকেছে।
