লোকসভা নির্বাচনে ৮ম পর্বের ভোট গ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনে ৮ম পর্বের ভোট গ্রহণ শুরু হয়েছে। নয়টি পর্বে ভোট গ্রহণের মাধ্যমে বিশ্বের বৃহত্তম সাধারণ নির্বাচন হিসেবে খ্যাত এ নির্বাচন সম্পন্ন হচ্ছে।
বুধবার স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া এ পর্বে সাতটি রাজ্যের ৬৪টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
এই ৬৪টি আসনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ২৫টিতে, উত্তর প্রদেশে ১৫টিতে, বিহারে সাতটি, পশ্চিমবঙ্গে ছয়টি, উত্তরাখণ্ডে পাঁচটি, হিমাচল প্রদেশে চারটি এবং জম্মু ও কাশ্মিরে ২টিতে ভোট গ্রহণ করা হচ্ছে।
এসব আসনে ভোটারের মোট সংখ্যা ১৮ কোটি ৪৭ লাখ, আর মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৩৭ জন।
এ পর্বের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ভারতীয় কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধি উত্তর প্রদেশের আমেথি থেকে, তার চাচাতো ভাই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক বরুণ গান্ধি আমেথির পার্শ্ববর্তী আসন সুলতানপুর থেকে প্রার্থী হয়েছেন।
উল্লেখযোগ্য অন্যান্য প্রার্থীর মধ্যে রাহুলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রীমতি ইরানি, উত্তর প্রদেশের ফুলপুর থেকে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ, বিহারের হাজিরপুর থেকে রাম বিলাস পাসওয়ান, একই রাজ্যের সারন থেকে সাবেক মুখ্যমন্ত্রী রাবরি দেবী এবং পশ্চিমবঙ্গের বাঁকুরা থেকে অভিনেত্রী মুনমুন সেন।
পশ্চিমবঙ্গের যে ছয়টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে সেগুলো হল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুরা, বিষ্ণুপুর ও আসানসোল। এই সবগুলো আসন বর্তমানে বামফ্রন্টের দখলে থাকলেও এবারের নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সঙ্গে বাম প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
এসব আসনের মধ্যে ঝাড়গ্রামে মাওবাদীদের হামলার আশঙ্কা থাকায় আসনটিতে বিকেল চারটার মধ্যে ভোট গ্রহণ শেষ করার নির্দেশ দিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। আসনটির নিরাপত্তায় ১৮০ কোম্পানি আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
৭ এপ্রিল শুরু হওয়া নয় পর্বের এই মহাযজ্ঞ শেষ হবে ১২ মে নবম পর্বের ভোট গ্রহণের মাধ্যমে। ভোট গণনার পর ১৬ মে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
