কোরীয় ফেরি তল্লাশি: ডুবুরির মৃত্যু
এপ্রিলে ডুবে যাওয়া দক্ষিণ কোরীয় ফেরিতে মৃতদেহের খোঁজে উদ্ধার কাজ চালানোয় নিয়োজিত এক বেসরকারি কোম্পানির ডুবুরি মারা গেছেন।
মঙ্গলবার সকালে লাশ উদ্ধারের জন্য পানির ২৫ মিটার গভীরে যাওয়ার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান বলে, জানিয়েছে বিবিসি।
মৃত্যুবরণকারী ডুবুরির নাম লি এবং তিনি ৫৩ বছর বয়সী ছিলেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরীয় কর্মকর্তারা।
ডুবে যাওয়া সেউল ফেরির নিখোঁজদের উদ্দেশ্যে তল্লাশিরত ডুবুরিদের মধ্যে লি’ই প্রথম প্রাণহানির শিকার হলেন।
১৬ এপ্রিল ৪৭৬ জন আরোহী নিয়ে ফেরিটি সাগরে ডুবে যায়। আরোহীদের মধ্যে মাত্র ১৭৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। অনেক যাত্রী ডুবে যাওয়া ফেরিটির ভিতর আটকা পড়েন।
ভয়াবহ এই দুর্ঘটনায় এ পর্যন্ত ২৬২ জনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনো পর্যন্ত আরো ৪০ জন নিখোঁজ রয়েছেন। তাদেরও মৃত্যু হয়েছে বলে ধরে নেয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ লি’কে সমুদ্র প্রকৌশল ও উদ্ধার অভিযানের বিশেষজ্ঞ কোম্পানি আনদিনি মেরিন ইন্ডাস্ট্রিজের একজন অভিজ্ঞ ক্রু বলে বর্ণনা করেছে।
ডুব দেয়ার পাঁচ মিনিটের মধ্যেই সহ ডুবুরিদের সঙ্গে লি’র যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সংজ্ঞাহীন অবস্থায় পানির ওপরে লিকে তুলে আনে তারা।
কর্তৃপক্ষের তথ্য মতে সেউলে উদ্ধারকাজে এদিনই প্রথমবারের মতো যোগ দিয়েছিলেন লি।
