২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহারা প্রধানের জামিন আবেদন খারিজ

ভারতের সর্বোচ্চ আদালত সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়ের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারেই রাখার নির্দেশ দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 May 2014, 01:16 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

তার প্রতিষ্ঠান বেআইনি বন্ডপ্রকল্পে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ার কারণে আদালত এই আদেশ দেয় বলে জানা গেছে।

কিস্তিতে ১০ হাজার কোটি রুপি জমা দেয়ার প্রস্তাব দিয়ে তার বিনিময়ে সাহারার চেয়ারম্যান সুব্রত রায়ের জামিন চেয়ে করা প্রতিষ্ঠারটির আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

আদালত সাহারাকে নতুন প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়েছে।

এরফলে আদালত নির্ধারিত ১০ হাজার কোটি রুপি ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডে জমা না দেয়া পর্যন্ত দিল্লির তিহার কারাগারেই থাকতে হচ্ছে সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়কে।

৪ মার্চ বিনিয়োগকারীদের পাওনা ফেরত দেয়ার বিষয়ে সন্তোষজনক উত্তর না পাওয়ায় সুব্রত রায়কে তিহার জেলে পাঠায় আদালত।

ওইদিন আদালতে ঢোকার মুখেই অর্থ-বাণিজ্যের সাময়িকি ব্লুমবার্গের তথ্য অনুযায়ী ভারতের পঞ্চম শীর্ষ ধনী সুব্রতকে ‘গরিবের চোর’ আখ্যায়িত করে মুখে কালি ছিটিয়ে দেন এক ব্যক্তি।

সুপ্রিম কোর্টের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে একদিন লাপাত্তা থাকার পর গত ২৮ ফেব্রুয়ারি ভারতের অন্যতম শীর্ষ ধনী সুব্রতকে গ্রেপ্তার করে লখনৌ পুলিশ।

নিয়ম ভেঙে প্রায় ৩০ লাখ বিনিয়োগকারীর কাছ থেকে বন্ড স্কিমে নেয়া প্রায় ২৪ হাজার কোটি রুপি ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ২০১২ সালে সাহারা গ্রুপের বিরুদ্ধে মামলা করে ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড।

১৯৭৮ সালে ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ প্রতিষ্ঠা করেন সুব্রত রায় সাহারা। মহারাষ্ট্রে অ্যাম্বি ভ্যালি নামের আবাসন প্রকল্প গড়ে তুলে সুনাম অর্জন করে সাহারা।

আবাসন প্রকল্প দিয়ে শুরু হলেও এখন অর্থনৈতিক সেবা, জীবন বীমা, মিউচুয়াল ফান্ড, আবাসিক খাতে অর্থ যোগান, অবকাঠামো, সংবাদপত্র, টেলিভিশন, বিনোদন, চলচ্চিত্র প্রযোজনা, স্বাস্থ্যসেবা, পণ্য উৎপাদন, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে সাহারার ব্যবসা ছড়িয়ে আছে।

টাইম ম্যাগাজিনের বিচারে, ভারতীয় রেলওয়ের পর জনশক্তির দিক দিয়ে সাহারা গ্রুপ দেশটির দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান।

বাঙালি বংশোদ্ভূত সুব্রতর শিল্পগ্রুপ সাহারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর।