২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত স্কুলছাত্রীদের বিক্রি করবে বোকো হারাম

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি স্কুল থেকে গত মাসে শতাধিক ছাত্রীকে অপহরণের দায় স্বীকার করে তাদেরকে বাজারে বিক্রি করে দেয়ার হুমকি দিয়েছে মুসলিম জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 06:11 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

ফরাসি বার্তা সংস্থা এএফপি একটি ভিডিও’র বরাত দিয়ে একথা জানিয়েছে।

ভিডিওতে বোকো হারামের নেতা আবুবকর শেকাউ প্রথমবারের মত ছাত্রীদেরকে অপহরণের স্বীকারোক্তি দিয়ে বলেন, “আমি আপনাদের মেয়েদেরকে অপহরণ করেছি। আল্লাহর ওয়াস্তে তাদেরকে বাজারে বিক্রি করে দেব”।

তিনি আরো বলেন, “মেয়েদের স্কুলে যাওয়া উচিত না। বরং তাদের বিয়ে দেয়া উচিত। আল্লাহ আমাকে তাদেরকে বিক্রি করে দেয়ার নির্দেশ দিয়েছেন। তারা তাঁরই সম্পদ। আর আমি তাঁর আজ্ঞা পালন করব”।

ভিডিও বার্তায় বোকো হারামের নেতা কতজন ছাত্রীকে অপহরণ করা হয়েছে তা উল্লেখ করেননি এবং তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা রাখা হয়েছে সে সম্পর্কেও কিছু বলেননি।

অপহরণ ঘটনার পর থেকে এখনো নিখোঁজ রয়েছে প্রায় ২৩০ জন ছাত্রী। এতে করে সমালোচনার মুখে পড়েছে নাইজেরিয়া সরকার।

নিখোঁজদের তালাশে আরো তৎপর হওয়ার দাবিতে গত সপ্তাহে আবুজায় বিক্ষোভকারীদের এক নেতাকে কর্তৃপক্ষ রোববার গ্রেপ্তার করেছে। এতে করে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ আরো ফুঁসে উঠেছে।

গত ১৪ এপ্রিল দেশটির রাজধানী আবুজার উপকণ্ঠে ভয়াবহ বোমা হামলায় ৭৫ জন নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিপুল সংখ্যক ছাত্রী অপহরণের ঘটনাটি ঘটে।

চিবোক এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চড়াও হয় জঙ্গিরা। তারা স্কুলটির পাহারায় থাকা সেনা ও পুলিশদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে । এর আগে স্কুলটির কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয় তারা।

রাজ্যের প্রধান শহর মাইদুগুরিতে পালিয়ে আসা চিবোকের এক শিক্ষা কর্মকর্তা ইমানুয়েল স্যাম জানান, অস্ত্রধারীদের হামলার মুখে টিকতে না পেরে নিরাপত্তা বাহিনী পিছু হটলে স্কুলের দখল নেয় জঙ্গিরা। তারপর স্কুল ছাত্রীদের জোর করে ট্রাকে তুলে নিয়ে যায় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র ঘটনার জন্য বোকো হারামকে দায়ী করেন।

উগ্রপন্থী গোষ্ঠি বোকো হারামের নামের অর্থই “পশ্চিমা শিক্ষা হারাম।”বোকো হারাম জঙ্গিরা এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালালেও এই প্রথম বিপুল সংখ্যক ছাত্রীকে অপহরণ করে।

বোকো হারামের এসব সন্ত্রাসী তৎপরতা নাইজেরিয়ার নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দেখা দিয়েছে। জঙ্গি গোষ্ঠীটি দেশটির প্রত্যন্ত এলাকায় বড় ধরনের হামলা যেমন চালাতে পারে তেমনি দেশটির প্রধান শহরগুলোতেও ভয়াবহ বোমা হামলা চালানোর সক্ষমতা দেখিয়েছে।