২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ন্যাটোর রসদবাহী বহরে হামলায় নিহত ২

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে অজ্ঞাত জঙ্গিরা আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর রসদবাহী একটি ট্রাক বহরে হামলা চালালে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 01:55 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

সোমবার খাইবারের নৃগোষ্ঠী অধ্যুষিত জামরুদ তেহশিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য ডন।

ওই এলাকার প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, জামরুদ তেহশিলের ওয়াজির ধন্দ এলাকার একটি বাজারের কাছে ন্যাটোর তিনটি কন্টেইনারবাহী ট্রাক লক্ষ করে গুলিবর্ষণ করে অজ্ঞাত জঙ্গিরা। গুলিবর্ষণের পর ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় ১০-১৫ জন অস্ত্রধারী অংশগ্রহণ করে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত দুজন ট্রাকের চালক। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

ঘটনার পর আফগানিস্তান-পাকিস্তান মহাসড়ক বন্ধ রাখা হয়েছে।

খাইবার এলাকাটি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের আফগান সীমান্তের সাতটি আধা-স্বায়ত্বশাসিত নৃগোষ্ঠী অধ্যুষিত জেলার অন্যতম। এই এলাকায় অনেকগুলো জঙ্গি সংগঠনের আস্তানা রয়েছে।