২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা অভিযানে পাকিস্তান তালেবানের দুই নেতা নিহত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে এক সংঘর্ষে পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক ই তালেবান পাকিস্তানের (টিটিপি) দুই নেতা নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 01:13 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে দ্য ডন।

ওই এলাকার বোবারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে টিটিপি জঙ্গিদের বিক্ষিপ্ত সংঘর্ষের সময় গুলি বিনিময়কালে ওই দুই জঙ্গি নেতা নিহত হন।

এদের একজন টিটিপি’র সাবেক মুখপাত্র ও শুরা কমিটির সদস্য আজম তারেকের পুত্র ইরাফান মেহসুদ। নিহত অপর নেতার নাম ওয়াফাদার মেহসুদ বলে শনাক্ত করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।

শুক্রবার ও শনিবারের এসব বিক্ষিপ্ত সংঘর্ষে আরো পাঁচ টিটিপি সদস্য নিহত হন বলে দাবী করেছেন কর্মকর্তারা।

সোমবার থেকে টিটিপি নেতা খান সাইদের মিত্র সাজনা’র বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর বিক্ষিপ্ত লড়াই চলছে। সাজনার সমর্থকরা, যাদের মধ্যে বিদেশীও আছেন, বোবারে লুকিয়ে থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

টিটিপি’র সূত্রগুলো ইরফান মেহসুদের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে ওয়াফাদার মেহসুদ জীবিত আছেন এবং লড়াই সামান্য আহত হয়েছেন বলে দাবী করেছেন তারা।

সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর আট সদস্য নিহত হয়েছেন বলে দাবী করেছে টিটিপি। তবে নিরাপত্তা কর্মকর্তারা তা নিশ্চিত করেননি।

জঙ্গিরা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার গানশিপের সহায়তা নিয়ে তাদের গোপন আস্তানাগুলোতে আক্রমণ চালায়। অঘোষিত এই আক্রমণে তাদের আস্তানাগুলো ধ্বংস হয়ে গেছে।

এই অভিযানে নিরাপত্তা বাহিনী সাফল্য পেয়েছে বলে স্বীকার করেছেন তারা।