ইউক্রেইনের ওডেসায় নিহত ৪২
ইউক্রেইনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসায় রুশপন্থী আন্দোলনকারী ও ইউক্রেইনের অখণ্ডতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪২ জন নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অগ্নিসংযোগ করা একটি ভবনে আটকা পড়ে অধিকাংশ মানুষ মারা যান।
ফেব্রুয়ারিতে ইউক্রেইনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর শুক্রবারের এ ঘটনাই দেশটির সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।
পুলিশ জানিয়েছে, ওডেসার ট্রেড ইউনিয়ন ভবনে অগ্নিসংযোগ করা হলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ও ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ে ৩৮ জন মৃত্যুবরণ করেন।
ইউক্রেইনের বিবদমান পক্ষদুটি দেশটির বিভিন্ন এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়েছে, বিশেষভাবে দেশটির পূর্বাঞ্চলে। ইতোপূর্বে ওডেসায়ও পক্ষদুটির মধ্যে সংঘর্ষ হয়েছে, তবে এর আগে কখনোই কেউ নিহত হননি।
এসব নিহতের ঘটনায় প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করছেন ওডেসার অনেক বাসিন্দা।
এর আগে অখণ্ড ইউক্রেইনপন্থীদের এক মিছিলে চোরাগোপ্তা হামলা চালানো হলে অন্ততপক্ষে চারজন নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষে পেট্রল বোমা, পাথর ও বিস্ফোরক ব্যবহার করা হয় বলে জানিয়েছেন তারা।
ইউরোপের দিকে কিয়েভের ঝুঁকে পড়ার প্রতি সমর্থন জানিয়ে কয়েক হাজার মানুষ ইউক্রেইনের জাতীয় পতাকা উড়িয়ে, মাথায় হেলমেট পড়ে ও হাতে লাঠি নিয়ে অখণ্ড ইউক্রেইনের পক্ষে মিছির বের করে।
এই মিছিলেই রুশপন্থীরা চোরাগোপ্তা হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সংঘর্ষ চলাকালে কোনো এক সময়ে ট্রেড ইউনিয়ন ভবনটিতে অগ্নিসযোগ করা হয়।
