২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে এপ্রিলে কর্মসংস্থান বহুলাংশে বেড়েছে

যুক্তরাষ্ট্রে এপ্রিলে চাকরি পেয়েছে ২ লাখ ৮৮ হাজার মানুষ। ২০১২ সালের জানুয়ারির পর থেকে দেশটিতে একমাসে এত মানুষের কর্মসংস্থান অর্থনীতিবিদদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 08:33 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

পেশাগত এবং ব্যবসায়িক খাতে চাকরি পেয়েছে সবচেয়ে বেশি মানুষ। এ সংখ্যা ৭৫ হাজার।

যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের সর্বশেষ হিসাবমতে, বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩ শতাংশে। ২০০৮ সালের সেপ্টেম্বরের পর থেকে এটিই সর্বনিম্ন বেকারত্বের হার।

তীব্র শতে অচল হয়ে পড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবারো ঘুরে দাঁড়ানোর আরেক লক্ষণ বলেই মনে করা হচ্ছে একে। বছরের প্রথম তিনমাসে অর্থনীতির অধোগতির জন্য আবহাওয়াকেই মূলত দায়ী করা হচ্ছে।

কিন্তু শুক্রবার কর্মসংস্থান একমাসেই অনেক বেড়ে যাওয়ার খবরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন অর্থনীতিবিদরা।

ঊর্ধ্বতন অর্থনীতিবিদ রাসেল প্রাইস বলছেন, “এ গ্রীষ্মের পুরোটা জুড়েই যুক্তরাষ্ট্রের অর্থনীতি গতি পাওয়া এবং জিডিপি’র উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে”।