২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডার জেলে গ্যাস বিস্ফোরণে নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি জেলে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ২ বন্দি নিহত এবং ১শ থেকে দেড়শ’ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 06:11 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বুধবার দিনশেষে এ বিস্ফোরণের ঘটনায় ৪ তলা পেনসেকোলা জেলের অংশবিশেষ ধসে পড়ে। ওই সময় ভবনটিতে বন্দি ও কারারক্ষী মিলিয়ে প্রায় ৬শ’ জন ছিল।

সম্প্রতি বন্যার কারণে গ্যাস বিস্ফোরণ ঘটেছে কি না কর্মকর্তারা তা তদন্ত করে দেখছেন বলে জানিয়েছে বিবিসি।

স্থানীয় এক আঞ্চলিক মুখপাত্র ক্যাথলিন ডগ-ক্যাস্ট্রো বলেন, “এসকাম্বিয়া কাউন্টি জেলের কেন্দ্রীয় বুকিং এলাকায় গ্যাস বিস্ফোরণ ঘটেছে। এ সময় সেখানে প্রায় ৬শ বন্দি ছিল। আহতদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। আর যেসব বন্দি অক্ষত রয়েঠে তাদেরকে অন্য জেলে পাঠানো হচ্ছে”।

ফ্লোরিডার এসকাম্বিয়া কাউন্টিসহ বিভিন্ন অঞ্চলে সম্প্রতি প্রচণ্ড বন্যা হয়েছে। পানিতে তলিয়ে গেছে বহু রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট।