২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বিল: বিদ্যুৎ বন্ধ হচ্ছে নওয়াজ শরীফের

বকেয়া বিলের কারণে পাকিস্তানে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কার্যালয়সহ গুরত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Apr 2014, 08:26 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

মঙ্গলবার দেশটির বিদ্যুৎমন্ত্রণালয় জানায়, বিদ্যুতের পাওনা বাকি থাকায় প্রধানমন্ত্রীর সচিবালয়, প্রেসিডেন্ট হাউজ, পার্লামেন্ট ভবন, প্রধান বিচারপতির সরকারি বাসভবন এবং আরো অনেক সরকারি কার্যালয়ের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

তবে ঠিক কোন তারিখ থেকে তা কার্যকর হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পাকিস্তানে প্রভাবশালী পরিবার, সরকারি আমলা ও রাজনীতিবিদদের বিদ্যুতের পাওনা পরিশোধ না করার প্রবণতা রয়েছে। বিশাল অংকের বকেয়ার কারণে দেশটির বিদ্যুৎ পরিস্থিতি বেশ নাজুক। দিনে ১২ ঘণ্টারও বেশি সময় লোডশেডিং হয়।

গত নির্বাচনে বিদ্যুৎ পরিস্থিতি উন্নত করার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কিন্তু এখন বিদ্যুতের বকেয়া বিল আদায়ের জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপের প্রথম শিকার হচ্ছেন নওয়াজ শরীফসহ তার সরকারের নেতৃত্বস্থানীয়রা।

পানি ও বিদ্যুৎমন্ত্রী আবিদ শের আলি বলেন, ব্যক্তিপর্যায়ের গ্রাহক ও সরকারি কার্যালয়গুলোর মধ্যে যারা বিদ্যুতের পাওনা পরিশোধ করেননি তারা অচিরেই সংযোগ বিচ্ছিন্ন হবেন। ইসলামাবদ ‘ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি’কে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।