সরকারের হাতছাড়া হয়ে যাচ্ছে পূর্ব ইউক্রেইন
পূর্ব ইউক্রেইনে একের পর এক শহরে অস্ত্রধারী রুশপন্থিদের সরকারি কার্যলয় দখল অভিযানের মুখে এ অঞ্চলের নিয়ন্ত্রণ হারাচ্ছে পশ্চিমাপন্থি কিয়েভ কর্তৃপক্ষ।
ডোনেস্ক এবং লুহান্সকে রুশপন্থিদের দৌরাত্মে কিয়েভের সরকারি বাহিনী ‘অসহায়’ হয়ে পড়েছে বলে স্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ।
মুখোশ ও সামরিক পোশাক পরা রুশপন্থি বন্দুকধারীরা বুধবার পূর্ব ইউক্রেইনের আরেকটি শহর হরলিভকার সরকারি বিভিন্ন কার্যালয় দখল করেছে। এর আগের দিন মঙ্গলবার রুশপন্থিরা লুহানস্কের সরকারি ভবনগুলো দখল করে।
এ মুহূর্তে পূর্ব ইউক্রেইনে অস্থিরতা ছড়িয়ে পড়া ঠেকানোটাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তুর্কিনোভ।
সরকারি নানা ভবন দখল করা ছাড়াও ইউরোপীয় পর্যটকদেরকে জিম্মি করে রেখেছে রুশপন্থিরা।
এ পরিস্থিতিতে যে কোনো সময় রাশিয়ার আগ্রাসনের আশঙ্কার মধ্যে ইউক্রেইন পুরো যুদ্ধপ্রস্তুতি নিয়ে রেখেছে এবং সতর্র্ক রয়েছে বলেও জানান তুর্কিনোভ।
আঞ্চলিক গভর্নরদের সঙ্গে এক বৈঠককালে তিনি বলেন, “আমি খোলাখুলিই বলব যে, এ মুহূর্তে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা তাতে করে ডোনেস্ক এবং লুহান্সক পরিস্থিতি চটজলদি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়”।
ওই অঞ্চলে নাগরিকদের সুরক্ষার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা অসহায় হয়ে পড়েছে বলে তিনি স্বীকার করেন। তার ওপর কিছু কিছু নিরাপত্তা ইউনিট সন্ত্রাসী গ্রুপগুলোকে সাহায্য-সহযোগিতা করছে বলেও জানান তুর্কিনোভ।
তিনি বলেন, “এ মুহূর্তে খারকিভ এবং ওডেসা অঞ্চলে সন্ত্রাসের হুমকি ছড়িয়ে পড়া ঠেকানোই আসল কাজ”।
পূর্ব ইউক্রেইনে অস্থির পরিস্থিতির মধ্যে সীমান্ত এলাকায় হাজার হাজার রুশ সেনা সমাবেশের কারণে ইউক্রেইনের মূল ভূখন্ডে রাশিয়ার আগ্রাসনের হুমকি প্রকট হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তুর্কিনোভ।
তবে রাশিয়া এ ধরনের আশঙ্কা নাকচ করেছে এবং ইউক্রেইনে আগ্রাসনের কোনো অভিপ্রায় নেই বলে দাবি করেছে।
