ফেইসবুকের মতোই টুইটারেও ভাঙছে সম্পর্ক
সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে দায়ী করা হলেও আরেক সামাজিক মাধ্যম টুইটারেও একই ধরনের নেতিবাচক ফল আসছে বলে গবেষকরা জানতে পেরেছেন।
টুইটার সৃষ্ট দ্বন্দ্বে বিশ্বাসভঙ্গ, দৈহিক সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা, সম্পর্ক ভেঙে যাওয়া এমন কি বিবাহ বিচ্ছেদও হচ্ছে বলে এক গবেষণার বরাত দিয়ে জানিয়েছে ব্রিটেনের ‘দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকা।
ফেইসবুক ও টুইটারের প্রভাব নিয়ে পৃথক দুটি গবেষণা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেল ক্লেইটন।
আগের গবেষণা প্রতিবেদনে সম্পর্কের ভাঙন ও গোলযোগ সৃষ্টিতে ফেইসবুকের নেতিবাচক প্রভাব তুলে ধরেছিলেন তিনি।
পরের নতুন গবেষণাটিতে বিভিন্ন বয়সের ৫৮১ জন টুইটার ব্যবহারকারীকে প্রশ্ন করেছেন ক্লেইটন। টুইটার ব্যবহার করার কারণে সঙ্গীর সঙ্গে কিংবা সাবেক সঙ্গীর সঙ্গে কোনো ঝামেলা হয় কিনা এ ধরনের প্রশ্ন করা হয়।
এতে দেখা যায় টুইটার বেশি ব্যবহারকারীদের বেশির ভাগের ক্ষেত্রেই তাদের বন্ধু কিংবা বান্ধবীর সঙ্গে টুইটার-সংশ্লিষ্ট দ্বন্দ্ব সংঘাত দেখা দেয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, “ সন্দেহ, অবিশ্বাসের কারণে সম্পর্ক ভাঙলেও টুইটার এবং ফেইসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও এর জন্য দায়ী।
ব্যবহারকরীরা এ ধরনের নেতিবাচক ক্ষতির শিকার হয়ে থাকলে তাদের উচিত পরিমার্জিত ও ভারসাম্যপূর্ণভাবে এ যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা।
