নতুন পর্বে মালয়েশীয় বিমান তল্লাশি
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এ পরিস্থিতিতে ভারত মহাসাগরের আরো অনেক বড় এলাকা জুড়ে নতুন তল্লাশি অভিযান শুরু করা হবে।
সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট একথা জানিয়েছেন।
৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। এ সময় বিমানটিতে যাত্রী ও ক্রুসহ ২৩৯ জন যাত্রী ছিল।
হারিয়ে যাওয়ার পর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিমানটি বা এর ধ্বংসাবশেষের কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিমানটির খোঁজে যে সময় ব্যয় করা হয়েছে তার উল্লেখ করে অ্যাবোট বলেছেন, বিমান ও জাহাজ থেকে দৃশ্যমান খোঁজের পরিববর্তে সাগরের তলদেশে তল্লাশি চালাতে সক্ষম স্পর্শকাতর শনাক্তকারী যন্ত্রপাতি সমৃদ্ধ অতলযান ব্যবহার করা হবে।
তবে বিমানটির কোনো কিছু কখনোই পাওয়া নাও যেতে পারে এমন সম্ভাবনাও মেনে নিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের মানুষের পক্ষে সম্ভব সব কিছুই আমরা করবো, রহস্যটির সমাধানে যৌক্তিকভাবে যা কিছু আমাদের পক্ষে করা সম্ভব সব কিছু করা হবে।”
৪ এপ্রিল বিমানটির ব্ল্যাক বক্স থেকে আসছে এমন একটি সঙ্কেত শনাক্ত করা হয়। এরপর অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে ২ হাজার মাইল উত্তরপশ্চিমে ভারত মহাসাগরের ৬ দশমিক ২ বর্গমাইলের একটি এলাকা তল্লাশি চালানোর জন্য নির্ধারণ করা হয়।
কিন্তু অ্যাবোটের মন্তব্যে বোঝা যাচ্ছে, ওই এলাকার মহাসাগরের তলদেশে যুক্তরাষ্ট্র নির্মিত চালকবিহীন অতলযান ব্লুফিন-২১ নামিয়ে তল্লাশি চালিয়েও ওই বিমানের কোনো খোঁজ পাওয়া সম্ভব হয়নি।
নতুন তল্লাশি এলাকার বিস্তৃতি ৫৬ হাজার বর্গকিমি হবে এবং পুরো এলাকায় তল্লাশি শেষ করতে ৬ থেকে ৮ মাস লাগবে বলে জানিয়েছেন তিনি।
