২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ফিলিপাইনের নতুন নিরাপত্তা চুক্তি

যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বাড়ানোর অনুমতি দিয়ে একটি নতুন সামরিক চুক্তি করেছে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2014, 03:17 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

চার জাতির এশিয়া সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এখন ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রয়েছেন।

সোমবার ওই চুক্তিতে সই হওয়ার কয়েক ঘন্টা পর ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন ওবামা।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো মিত্র ফিলিপাইনে এটিই ওবামার প্রথম সফর। এই সফরের সময়ই ১০ বছর মেয়াদী নিরাপত্তা চুক্তিটি সই হল।

এই চুক্তির মাধ্যমে ফিলিপাইনে নিজেদের সেনা, নৌ-জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েনের মাধ্যমে দ্রুত বর্ধনশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সঙ্গে সামরিক ভারসাম্য বজায় রাখার সুযোগ করে নিল যুক্তরাষ্ট্র।

দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী দেশ ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানের সঙ্গে বিরোধ চলছে। ওই জলসীমায় চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির মুখে দক্ষিণ-পূর্ব এশীয় রাষ্ট্রগুলো তাদের সামরিক ক্ষমতা বাড়ানোর চেষ্টায় আছে।

এমন এক সময়েই ফিলিপাইনের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি করলো যুক্তরাষ্ট্র।

এই চুক্তির সমালোচনা করে চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, “চীনের সঙ্গে ফিলিপাইনের সীমানা নিয়ে তিক্ত একটি বিরোধ আছে, এই চুক্তি বেইজিংয়ের বিরুদ্ধে ম্যানিলাকে সাহসী করে তুলবে, ফলে এটি ঝামেলা আরো বাড়িয়ে তুলবে।”

“এর ফলে আরো আক্রমণাত্মক এমন কী দায়িত্বজ্ঞানহীন ম্যানিলা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর মতো এমন কিছু করে বসতে পারে তাতে ওবামার পুনর্ভারসাম্য নীতি মুখ থুবড়ে পড়তে পারে।”