দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
ফেরি ডুবে প্রাণহানির ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হু-অন।
রোববার পদত্যাগের এ ঘোষণা দিয়ে ওই দুর্ঘটনা এড়াতে এবং উদ্ধার তৎপরতায় ব্যর্থতার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষমা চান তিনি। তবে ফেরির উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত পদত্যাগ কার্যকর হবে না বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।
গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার দক্ষিণপশ্চিম উপকূলে প্রায় পাঁচশ’ যাত্রী নিয়ে ডুবে যায় সাত হাজার টন ধারণ ক্ষমতার ফেরি সেউল। ফেরির যাত্রীদের অধিকাংশই ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী।
এ ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত বা নিখোঁজ হন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৮৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধান না মিললেও তাদের কেউ বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।
ফেরি ডুবির ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে ‘বিপর্যয়’ ঠেকাতে না পারার জন্য বিরোধী দল ও সংক্ষুব্ধদের সমালোচনার মুখে পড়ে দক্ষিণ কোরিয়ার সরকার।
টেলিভিশনে হু-অন বলেন, “স্বজনহারা পরিবারগুলোর কান্নায় এখনও আমি রাতে ঘুমাতে পারি না। মন্ত্রী সভার একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এ ঘটনার দায় নিয়ে আমি পদত্যাগ করছি।”
দুর্ঘটনা রোধ করতে না পারা এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার সম্পন্ন করতে না পারায় সরকারের পক্ষ থেকে ক্ষমাও চান তিনি।
হুন-অন আরো বলেন, “সমাজে এখনো অনেক অসঙ্গতি ও অনিয়ম রয়ে গেছে। আমি আশা করি এ ধরনের বড় দুর্ঘটনার পর বদ্ধমূল এসব অন্যায়, অসঙ্গতি দূর হবে এবং ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা ঘটবে না বলে আমি আশা করি।”
