২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নির্বাচনী সমাবেশে বোমা হামলায় নিহত ৩১

ইরাকের রাজধানী বাগদাদে একটি শিয়া সম্প্রদায়ের এক নির্বাচনী সমাবেশে ধারাবাহিক বোমা হামলায় অন্ততপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বহু লোক আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 11:14 AM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শুক্রবার ইরাকের আসায়িব আহল আল-হক দলের সমাবেশে এই ধারাবাহিক হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।

আল কায়েদার দলছুট জঙ্গি গোষ্ঠী দি ইসলামিক স্টেট অব ইরাক এবং দ্য লেভান্ত (আইএসআইএল নামে পরিচিত) এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে।

জনসভা শেষে লোকজন সমাবেশস্থল ত্যাগ করার সময় তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। এদের মধ্যে প্রথম দুটি বিস্ফোরণ হয় ট্রাকবোমার ও পরেরটি রাস্তার পাশে পেতে রাখা বোমার।

বুধবার ইরাকের পরবর্তী পার্লামেন্ট নির্বাচন। ২০১১ সালে মার্কিন বাহিনী ইরাক ছেড়ে যাওয়ার পর দেশটিতে এটিই প্রথম পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখেই হামলাটি চালানো হয়।

শিয়া নেতৃত্বাধীন আসায়িব আহল আল-হক দলটি ইরানের মদদপুষ্ট এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রকাশ্য সমর্থক।

নির্বাচনে ইরাকি পার্লামেন্টের ৩২৮ আসনের জন্য ৯ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাবে সুন্নি সংখ্যাগরিষ্ঠ আনবার প্রদেশে যে সব এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি জঙ্গিদের লড়াই চলছে সেই সব এলাকায় ভোট গ্রহণ করা হবে না।

২০০৮ সালে গৃহযুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার পর সম্প্রতি ফের ভয়াবহ শিয়া-সুন্নিসহ অন্যান্য সাম্প্রদায়িক ও গোত্রগত সহিংসতার মোকাবিলা করছে দেশটি।