ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহনের ভাই বিজেপিতে
ভারতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্যেই প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সৎ ভাই দালজিত সিং কোহলি।
শুক্রবার পাঞ্জাব প্রদেশের অমৃতসর আসনে লোকসভা নির্বাচনে দলের প্রার্থী অরুণ জেটলির নির্বাচনী সভায় বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি ও দালজিতকে একই মঞ্চে দেখা যায় বলে বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে।
পেশায় ব্যবসায়ী দালজিৎ কোহলির বিজেপিতে যোগদান প্রসঙ্গে মোদি বলেন, “আজ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাই দালজিত সিং বিজেপিতে যোগ দিলেন। তার আগমন আমাদের আরো শক্তিশালী করবে।
“আমরা কেবল সদস্যপদ দেয়ার মতো একটি দল নই। বরং আমরা একটা আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করতে চাই।”
এসময় মঞ্চে বিজেপি নেতাদের পাশাপাশি স্থানীয় শিরোমনি আকালি দলের নেতারাও উপস্থিত ছিলেন। বিজেপি ও আকালি দল পাঞ্জাবে জোট করে নির্বাচন করছে, যাদের অবস্থান বেশ শক্তিশালী। এই দুটি দলই যৌথভাবে পাঞ্জাবের ক্ষমতায় রয়েছে।
জনসভায় উপস্থিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল এবং বিজেপি নেতা জেটলিও দালজিতকে স্বাগত জানান।
মনমোহন সিং ২০০৪ ও ২০০৯ সালে দুই দফায় কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও তার ভাই দালজিত কোনো রাজনৈতিক দলে যোগ দেননি।
১৯৪৭ সালে দেশভাগের সময় পাকিস্তানের পাঞ্জাব থেকে এসে অমৃতসরে বসবাস শুরু করে মনমোহনের পরিবার।
