‘আফগানিস্তানে ১০ হাজার মার্কিন সেনা থাকতে পারে’
আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা ১০ হাজারের নিচে নামিয়ে আনা হতে পারে। আফগান বাহিনীকে প্রশিক্ষণ দিতে ন্যূনতম এই সংখ্যক সেনা দেশটিতে মোতায়েন রাখতে হবে যুক্তরাষ্ট্রকে।
বিষয়টির সঙ্গে যুক্ত প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।চলতি বছরেই আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত বহুজাতিক বাহিনীর অভিযান শেষ হচ্ছে। এই মিশন শেষে যুক্তরাষ্ট্রের কতো সংখ্যক সেনা দেশটিতে অবস্থান করবে এখন তাই নির্ধারণ করা হচ্ছে।আফগানিস্তানের ৫ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগনের কর্মকর্তারা দেশটিতে ন্যূনতম কতো সেনা রাখতে হবে তা নিয়ে বৈঠক করে আসছিলেন।আফগান নিরাপত্তা বাহিনী তালেবান বিদ্রোহীদের মোকাবিলা করার সক্ষমতা অর্জন করেছে এই বিশ্বাসের প্রতিফলনে হোয়াইট হাউসের কর্মকর্তারা দেশটিতে ৫ হাজারেরও কম সেনা মোতায়েন রাখার প্রস্তাব করেছিলেন। যুক্তরাষ্ট্রের এই সংখ্যক সেনা আফগান বাহিনীকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রশিক্ষণ দিতে পারবে বলে মনে করছিলেন তারা।তাদের এই বিশ্বাসের পেছনে প্রেসিডেন্ট নির্বাচনের সময় নিরাপত্তা রক্ষায় আফগান বাহিনীর সাফল্য কাজ করছিল বলে জানিয়েছেন তারা। ওই নির্বাচনকে পশ্চিমাদের পাতানো নির্বাচন অভিহিত করে তা বর্জন করার ও প্রতিহত করার ঘোষণা দিয়েছিল তালেবান। কিন্তু বড় ধরনের কোনো বিঘ্ন ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে তালেবান হুমকি উপেক্ষা করে আফগানিস্তানের ১ কোটি ২০ লাখ ভোটারে মধ্যে প্রায় ৬০ শতাংশ ভোট দেন। আফগান বাহিনীর ব্যাপক সতর্কতায় তালেবান বড় ধরনের কোনো হামলা-সহিংসতার ঘটনা ঘটাতে ব্যর্থ হয়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়।কয়েক মাস ধরেই সেনা সংখ্যা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার জন্য চেষ্টা করছিল ওবামা প্রশাসন।কিন্তু আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জোয়ি ডুনফোর্ডসহ অন্যান্য সামরিক নেতারা মনে করেন, আফগান বাহিনীকে প্রশিক্ষণ ও বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে পরামর্শ দিতে দেশটিতে ন্যূনতম ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকা উচিত। এর চেয়ে কম সংখ্যক সেনা নিজেদের রক্ষার জন্যই ব্যস্ত হয়ে পড়বে বলে মনে করেন অভিজ্ঞ এই সামরিক কর্মকর্তারা।নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, “আলোচনা এখনও চলছে। সেনা সংখ্যা ১০ হাজারের নিচে রাখার অন্যান্য বিকল্পগুলো খতিয়ে দেখছেন তারা।”আফগানিস্তানে এখন ৩৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ২০১১ সালে সেখানে এক লাখ সেনা মোতায়েন ছিল।
