‘দাঙ্গার মুখ’ মোদিকে চান না মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি)সাম্প্রদায়িক দল আখ্যা দিয়ে দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেছেন, ‘দাঙ্গার মুখ’কে তিনি দেশনেতৃত্বে দেখতে চান না।
বিজেপি বিরোধিতায় আরো এক ধাপ আগ বাড়িয়ে তিনি এও বলেছেন যে,লোকসভা ভোটের পর সরকার গড়ার জন্য বিজেপি প্রয়োজনে মোদির বদলে অন্য কাউকে সামনে আনলেও তাদের সমর্থন করবেন না তিনি।মোদি ও তার গুজরাট মডেলকে ইদানিং নিয়মিতই আক্রমণ করে কথা বলছেন মমতা। ওদিকে, দোদিও তৃণমূলের বিরুদ্ধে গলা চড়িয়েছেন। এর জবাবেই মমতার ওই কটাক্ষ।কট্টর ডানপন্থি ও হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একনিষ্ঠ সদস্য নরেন্দ্র মোদি ২০০১ সাল থেকে টানা তিনবার পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন।তার ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় ওই রাজ্যে হিন্দু মুসলিম দাঙ্গায় অন্তত এক হাজার মুসলিম নিহত হয়। মোদি সেই সময় পাল্টাপাল্টি সংঘাত থামাতে যথাযথ ভূমিকা নেননি বলে সমালোচকদের অভিযোগ। তবে মোদির শাসনকালে রাজ্যের অর্থনৈতিক সম্বৃদ্ধি ও ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য বেশ বাহবা পেয়েছেন। এবারে লোকসভা ভোটের জরিপেও মোদি এগিয়ে রয়েছেন।মমতা বলেন, "বিজেপির এমন এক নেতা প্রধানমন্ত্রী হতে চান, যার হাতে লেগে আছে দাঙ্গায় নিহত মানুষের রক্ত। দাঙ্গার রক্তে যাদের হাত রঞ্জিত তাদের দেশের নেতৃত্ব দেয়া উচিত নয়।”সেক্ষেত্রে ভোটের পর এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেলেও মোদিকে প্রধানমন্ত্রী করা না হলে মমতা বিজেপি’কে সমর্থন করবেন কিনা এ প্রশ্নের জবাবে পিটিআই’য়ের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা বিজেপি-র আদর্শ। তাদের কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না। তারা সাম্প্রদায়িক দল। আমাদের লড়াই কংগ্রেস, বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে। প্রতিদিনই সেই লড়াই করছি। এদের কাউকেই সমর্থনের প্রশ্ন নেই।”
