২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের আরেকটি শহরে রুশ পতাকা

ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় অস্ত্রধারী বিদ্রোহীরা নতুন একটি শহরের দখল নিয়ে সেখানে রাশিয়ার পতাকা উড়িয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 10:52 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার অস্ত্রধারীরা স্লেভিয়ানস্ক শহরের পুলিশ সদর দপ্তরের দখল নেয়ার পর বিক্ষোভকারীরা রাশিয়ার পতাকা হাতে মিছিল শুরু করে।

রুশ সীমান্ত থেকে প্রায় দেড়শ’ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত এই স্লেভিয়ানস্ক শহরে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা দেশটির সঙ্কট আরো ঘনীভূত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ইতোমধ্যে ডোনেস্ক শহরে বিদ্রোহীদের দাবির কাছে নতি স্বীকার করে পদত্যাগ করেছেন আঞ্চলিক পুলিশ প্রধান।

কৃষ্ণসাগর তীরবর্তী ক্রিমিয়া উপদ্বীপটি পৃথক হওয়ার কিছু দিনের মধ্যেই পূর্ব সীমান্তবর্তী ডোনেস্ক, লুহানস্ক ও খারকিভ অঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা মাথাছাড়া দিয়ে উঠে।

বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ করতে আল্টিমেটাম দিলেও পরে সেই ঘোষণা থেকে ফিরে উল্টো পূর্বাঞ্চলীয় নেতাদের ক্ষমতা বাড়িয়ে দেয়ার প্রস্তাব দেয় কিয়েভের নতুন প্রশাসন।

তবে শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুকের ওই ঘোষণাও বিদ্রোহীদের শান্ত করছে না।

শনিবার অন্তত ২০ জন ভারী অস্ত্রধারী বিদ্রোহী স্লেভিয়ানস্ক পুলিশ সদরদপ্তরের দখল নেয়ার পর সেখান থেকে হাজার হাজার পিস্তল লুট করে বিদ্রোহীরা। সেখানে একটি ভবন থেকে ইউক্রেইনের পতাকা নামিয়ে রাশিয়ার পতাকা উড়িয়ে দেয় তারা।

এসময় কিছু স্থানীয়দেরকেও অস্ত্রধারীদের সহায়তা করতে দেখা যায়।