২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভার চতুর্থ পর্বের ভোট চলছে

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বে গোয়া, আসাম, ত্রিপুরা এবং সিকিমের সাতটি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই সাতটি আসনে মোট ৫০ লাখ ভোটার রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 11:03 AM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শনিবার সকালে ভোট শুরু হওয়া এ আসনগুলোতে মোট প্রার্থীর সংখ্যা ৭৪ জন।এদের মধ্যে গোয়ার উত্তর ও দক্ষিণ দুটি আসনে প্রার্থী রয়েছেন ১৯ জন। এখানে কংগ্রেস, বিজেপি, সিপিআই, আম আদমি ও অন্যান্য স্থানীয় দলের প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এই দুটি আসনের মধ্যে উত্তর আসনটি বিজপির দখলে এবং দক্ষিণেরটি কংগ্রেসের দখলে আছে।ত্রিপুরার দুটি আসনের মধ্যে পশ্চিমের আসনে ৭ এপ্রিল ভোট গ্রহণ করা হয়েছে। এবার অপর আসন পূর্ব ত্রিপুরায় ভোট গ্রহণ করা হচ্ছে। এ আসনটিতে সিপিআই(এম), কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।প্রার্থীদের মধ্যে সিপিআই(এম)’র প্রার্থী রাজ্যের শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরি ও কংগ্রেসের প্রার্থী প্রখ্যাত শিক্ষাবিদ সচিত্র দেববর্মা উল্লেখযোগ্য।এর আগে ৭ এপ্রিল আসামের পাঁচটি আসনে ভোট গ্রহণ করা হলেও এবার তিনটি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। এই রাজ্যের বাকী ছয়টি আসনে ২৪ এপ্রিল ভোট গ্রহণ করা হবে।এদিন বরাক উপত্যকার দুটি আসন করিমগঞ্জ ও শিলচরে ভোট গ্রহণের পাশাপাশি স্বায়ত্বশাসিত জেলা কারবি আঙ্গলঙ্গ এবং দিমা হাসাও আসনদুটিতেও ভোট গ্রহণ করা হচ্ছে।কারবিতে ৮ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বনধ্ ডেকেছে কারবি পিপলস লিবারেশন টাইগার্স। গোষ্ঠীটি কারবিকে আসাম থেকে বিচ্ছিন্ন করে একটি স্বায়ত্বশাসিত রাজ্যে পরিণত করার জন্য সশস্ত্র আন্দোলন করে আসছে।জেলাটিতে বিদ্রোহীদের তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য শুক্রবার থেকে হেলিকপ্টার টহল শুরু করা হয়েছে এবং যে কোনো হামলা প্রতিহত করার জন্য ১৭ কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে।সিকিমের একটি আসনে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ছয়জন প্রার্থীর এই আসনটিতে ৩ লাখ ৬২ হাজার ৩২৬ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৫৪৯ জন নারী ভোটার।